Kolkata Weather: কেমন থাকতে চলেছে পঞ্চমীর সারা দিন? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: পঞ্চমীর সকালে আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় দেখা যাবে। এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। আর হবে নাই বা কেন, বৃষ্টি-অসুরের জন্য যদি নবমী ও দশমী পুজোর দিনগুলি থেকে বাদ যায়, তবে তার পূরণ করতে হবে আগে ভাগেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে। যা ক্রমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২০ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যা ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরে আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২১ অক্টোবর নাগাদ তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১০-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৪-তে।












Click it and Unblock the Notifications