মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পড়ে গেলেন? তদন্তে নামছে লালবাজার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পড়ে গেলেন? কীভাবে লাগল তাঁর চোট? নিছক দুর্ঘটনা? না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সেই সব প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামছে লালবাজার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও পুলিশের নিরাপত্তার কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং, গোয়েন্দা বিভাগের দল। তাঁরা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হবে তদন্ত। পুলিশ আধিকারিকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। চিকিৎসকরা তাঁর খেয়াল রাখছেন। শুক্রবার প্রাথমিকভাবে এই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে নিজের বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে তিনটি ও নাকের কাছে একটি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা দেওয়ার একটি অনুভূতি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এটি নিছক দুর্ঘটনা? না কি পিছনে অন্য কোনও কারণ? শুক্রবার মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির পরীক্ষা করেছেন চিকিৎসকরা। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কোনও বড় বিপদের আশঙ্কা নেই। একথা প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল জানান, পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কীভাবে পিছন থেকে ধাক্কা লাগল? সেটাই বড় প্রশ্ন।
যদিও পরে চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি অনুভব করেছেন বিষয়টি। রক্তচাপ সমস্যা দেখা দিলে এমন ঘটনা করতে পারে বলে জানানো হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কোনওভাবেই বিষয়টিকে ঢিলেমি দিতে চান না।
মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করছেন দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা। ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া উচিত। এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications