ভারতের প্রথম জলের নিচে মেট্রোর উদ্বোধন PM মোদীর হাতে! এই অংশের বিশেষত্ব এবং ঐতিহাসিক ক্ষণ
বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় একাধিক মেট্রো প্রকল্পের বিভিন্ন অংশের উদ্বোধন করবেন। এর মধ্য়ে সব থেকে উল্লেখযোগ্য হল, এসপ্ল্যানেড-হাওড়া মেট্রো রুটের উদ্বোধন। যা কলকাতার পাশাপাশি রাজ্য তথা দেশের ঐতিহাসিক মুহূর্ত। এই মেট্রো টানেল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি যা হুগলি নদীর তলা দিয়ে গিয়েছে।
আন্ডার ওয়াটার মেট্রো কলকাতার সঙ্গে হাওড়ার পাশাপাশি সল্টলেককে সংযুক্ত করবে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত থাকবেন। কলকাতার আন্ডার ওয়াটার মেট্রোর কিছু বিশেষত্ব রয়েছে।

- কলকাতা মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের প্রায় ৫২০ মিটার অংশ জলের নিচে। হাওড়া মেট্রো স্টেশনটি দেশের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন।
- সল্টলেক নদীর পূর্ব তীরে ও হাওড়া পশ্চিম তীরে অবস্থিত।
- ২০২৩-এর এপ্রিলে কলকাতা মেট্রো প্রথম ট্রায়ালের অংশ হিসেবে হুগলি নদীর নিচের অংশে ট্রেন চালিয়ে ইতিহাস তৈরি করেছিল।
- মেট্রোর এই অংশ ৪.৮ কিমি দীর্ঘ। যা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত করেছে। যা যুক্ত করছে রাজ্যের আইটি হাব সল্টলেকের সেক্টর ফাইভকেও। এটি পূর্ব-পশ্চিম মেট্রো করিডরের অংশ।
- হুগলি নদীর নিচে ৫২০ মিটার অংশ ৪৫ সেকেন্ডে পার হাওয়া যাবে।
- এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে পূর্ব-পশ্চিম মেট্রোর অংশটি এখনও নির্মাণাধীন। তবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অংশটি ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে।
- পূর্ব-পশ্চিম মেট্রো মোট ১৬.৬ কিমির মধ্যে ১০.৮ কিমি মাটির নিচে। তার মধ্যে হুগলি নদীর নিচের অংশটিও রয়েছে। বাকিটা রয়েছে মাটির ওপরে।
- জলের নিচের অংশটি নীল আলো দিয়ে আলাদা করা হয়েছে। যাতে যাত্রীরা বুঝতে পারেন, তাঁরা জলের নিচে রয়েছেন।
কলকাতা মেট্রোর লক্ষ্য হল এই বছরের জুন-জুলাই মাস নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের পুরো অংশে বাণিজ্যিক ভাবে মেট্রো চালু করা।
বহু প্রতীক্ষিত এই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ২০২৪-এর ছয় মার্চ, বুধবার। যা উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে কলকাতায় এসে গিয়েছেন। এটির উদ্বোধনের সঙ্গে প্রধানমন্ত্রী জোকা-মাঝেরহাট সেকশনের তারাতলা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।
দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল এই কলকাতাতেই ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। উগ্রপন্থী হামলায় মৃত্যুর সাত দিন আগে তার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এর প্রায় সাড়ে উনচল্লিশ বছর পরে সেই কলকাতাতেই জলের নিচে মেট্রোর উদ্বোধন হতে চলেছে।












Click it and Unblock the Notifications