লুচি, মিষ্টি দইয়ের মতোই বাঙালি সংস্কৃতির অঙ্গ মিটিং, মিছিল, ডিএ আন্দোলন কর্মসূচিতে পর্যবেক্ষণ হাইকোর্টের
লুচি, আলুপোস্ত আর মিষ্টি দই বাঙালি সংস্কৃতির অঙ্গ। তেমনই মিটিং, মিছিলও বাঙালি সংস্কৃতির অঙ্গ। এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে কোঅর্ডিনেশন কমিটি মামলা দায়ের করেছিল৷ প্রধান বিচারপতির এজলাসে আজ বৃহস্পতিবার তার শুনানি ছিল। মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল এই মিছিল নিয়ে শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তিনি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিলের পক্ষে রায় দিয়েছিলেন। রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা যাবে। এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। কোঅর্ডিনেশন কমিটির মিছিল নিয়ে ফের ধাক্কা খায় রাজ্য।
এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু সেখানেও ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায়কেও মান্যতা দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জানিয়ে দেওয়া হল, রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা যাবে। তবে একাধিক শর্ত দিয়েছে ডিভিশন বেঞ্চ।শান্তিপূর্ণভাবে ওই মিছিল করতে হবে। রাস্তাজুড়ে মিছিল নয়। একটি লাইনে মিছিল করতে হবে। রাস্তার কোথাও ওই মিছিলকে দাঁড় করানো যাবে না। যান চলাচলের যাতে সমস্যা যাতে না হয়। সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
কর্ম দিবসে এই মিছিল হচ্ছে। তাই ন্যূনতম সদস্য নিয়েই এই মিছিল করতে হবে। প্রশাসনের অন্যান্য শর্ত মেনে মিছিল করতে হবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে। তবে এদিন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
লুচি, আলুপোস্ত আর মিষ্টি দইয়ের মতোই মিটিং, মিছিলও বাঙালি সংস্কৃতির অঙ্গ। এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।












Click it and Unblock the Notifications