নির্বাচন কমিশনকে বলব বহরমপুরে ভোট পিছিয়ে দিতে! রামনবমীতে অশান্তি নিয়ে আর কী বলল কলকাতা হাইকোর্ট
নির্বাচন কমিশনকে বলব, বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। রাম নবমীতে অশান্তি নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। তিনি আরও বলেন, যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই।
প্রসঙ্গত, রাম নবমীতে হামলা নিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৬ এপ্রিল।

কী হয়েছিল মুর্শিদাবাদে?
রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর। সেখানে ছাদের ওপর থেকে মিছিলে ঢিল ছোড়োর অভিযোগ ওঠে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। এনিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ পর্যন্ত নামাতে হয়।
কলকাতা হাইকোর্টে এনআইএ দাবি করে মামলা
এদিনের অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের দবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানির সময় মামলাকারীর আইনজীবী প্রধানবিচারপতির সামনে সেদিনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে শুধু মুর্শিদাবাদে নয়, রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছিল বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী।
ভোট পিছনোর আবেদন
প্রধান বিচারপতিও ওই দিনের অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহরমপুরে ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেন। তিনি প্রশ্ন করে বলেন, ওই ঘটনার প্ররোচনা দিল কে, তা জানা দরকার।
বিজেপি ইতিমধ্যেই কমিশন ও রাজ্যপালের দ্বারস্থ
এদিকে বিজেপি ইতিমধ্যে রামনবমীতে হিংসার ঘটনা নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যপালেরও দ্বারস্থ হয়েছে। সেখানে ২০২৩-এর হিংসার ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত আদালতের নির্দেশে ২০২৩-এর রাম নবমীতে হামলার ঘটনার তদন্ত করছে এনআইএ। সেই তদন্ত চালাতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরেকটি মামলাও চলছে হাইকোর্টে
উল্লেখ করা প্রয়োজন, রামনবমী নিয়ে হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা চলছে। সোমবার সেই মামলার শুনানিতে রামনবমীতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে অশান্তি হয়েছে, তা ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় ডিজিকে। এব্যাপারে রাজ্য সরকারকে মঙ্গলবার দুপুরের মধ্যে রিপোর্টও জমা দিতে বলেন। অন্যদিকে রাজ্য সরকার দাবি করেছে, পুলিশ স্বতঃস্ফূর্তভাবে এফআইআর দায়ের করেছে। আর মন্দির নয়, মসজিদেও হামলা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের ১৩ টি মামলার তদন্তভার ইতিমধ্যে সিআইডি নিয়েছে।












Click it and Unblock the Notifications