মুকুলের পাড়ার গান্ধীমোড়ে আর সভা করবে না বিজেপি! কেন এই সিদ্ধান্ত দিলীপদের
হাইকোর্ট কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে সভাসমিতি নিষিদ্ধ করে দিল। গান্ধীমোড়ে বিজেপির সভা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল আদালত।
বিজেপির সভায় এবার প্রশাসনের পর বাধ সাধল আদালতও। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে আর সভা করতে পারবে না কোনও দলই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে সভাসমিতি নিষিদ্ধ করে দিল। গান্ধীমোড়ে বিজেপির সভা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল আদালত। এরপর শুধু বিজেপি নয়, আর কোনও দলই গান্ধীমোড়ে সভা করতে পারবে না।

এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 'প্রশাসন কাঁচরাপাড়ার গান্ধী ময়দানে কাউকেই সভা করার অনুমতি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই রাজনৈতিক দল-সহ কাউকেই অনুমতি দেওয়া হচ্ছে না।' অ্যাডভোকেট জেনারেলের এই বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক বিজেপিকে নির্দেশ দেন, অন্য কোনও জায়গা সভার জন্য বেছে নিতে।
৫ ডিসেম্বর গান্ধীমোড়ে সভা করার জন্য ৪ ডিসেম্বর পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছিল বিজেপি। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই সভার অনুমতি দেয়নি। ওইদিন গান্ধীমোড়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তারপর বিজেপির পক্ষ থেকে ১৪ বা ২০ ডিসেম্বর সভা করতে চেয়ে আবেদন জানানো হয়। এরপর পুলিশের কাছে থেকে অনুমতি না পেয়ে ১৪ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব।
সেই মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, অনুমতি না দেওয়ার কারণ কী। অ্যাডভোকেট জেনারেল বলেন, প্রথম কথা জায়গাটি খুব সংকীর্ণ। তারপর আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর রাজ্য প্রশাসন চাইছে ওই গান্ধীমোড়ে কাউকেই সভা করতে না দিতে। এরপরই পরিস্থিতি বুঝে বিচারপতি নির্দেশ দেন, সভা-সমিতি নিষিদ্ধ।












Click it and Unblock the Notifications