'গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে', এসএসসিকে তীব্র ভর্ৎসনা বিচারপতি মান্থার
কলকাতা হাইকোর্টের তোপের মুখে স্কুল সার্ভিস কমিশন! নির্দেশ দেওয়ার পরেই নম্বর দেওয়া হয়নি বলে দাবি। আর এরপরেই এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। সেদিনই এসএসসির চেয়ারম্যানকে হাজিরা দিতে বলা হয়েছে।
একই সঙ্গে রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। শুধু তাই নয়, কেন কোর্টের নম্বর দেওয়া সংক্রান্ত নির্দেশ মানা হল না সে বিষয়ে উত্তর জানাতে হবে চেয়ারম্যানকে।

আদালতের সঙ্গে খেলবেন না
তবে এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। এসএসকে স্পষ্ট বলেন, আদালতের সঙ্গে খেলবেন না। আপনারা নিয়োগ করছেন , আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন ? সব পরিকল্পিত। বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে কমিশন। শুধু তাই নয়, সমস্ত নিয়োগ খারিজ করে দেওয়ারও হুঁশিয়ারি দিতে শোনা যায় বিচারপতি মান্থার পর্যবেক্ষণে।

এক নজরে ঘটনা!
যা নিয়ে রীতিমত প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। বলে রাখা প্রয়োজন, ২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে সিলেবাসের বাইরে একাধিক প্রশ্ন আসে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৮৩ জন মামলাকারী। গত বছর জুন মাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই সময় আদালত মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু বছর ঘুরতে চললেও এই সংক্রান্ত নির্দেশ কার্যকর করা হয়নি এখনও পর্যন্ত। শুধু তাই নয়, অন্যদের নম্বর দেওয়া হলেও ওই ৮৩ জনকে দেওয়া হয়নি বলে অভিযোগ।

নির্দেশের উপর চালাকি করলে কড়া পদক্ষেপ
তবে স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে অখুশি কলকাতা হাইকোর্ট। আর এরপরেই আদালতের আরও পর্যবেক্ষণ, সমস্ত নিয়োগের ক্ষেত্রেই সন্দেহ রয়েছে। এমনকি আদালতের নির্দেশের উপর চালাকি করলে কড়া পদক্ষেপ যে হাইকোর্ট নিতে পারে তা স্কুল সার্ভিস কমিশনকে বুঝিয়ে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর এরপরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে একেবারে সশরীরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে এই নির্দেশের পর এসএসসি চেয়ারম্যান হাজিরা দেন কিনা সেদিকেই তাকিয়ে সবাই।

একের পর এক দুর্নীতি সামনে এসেছে
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একের পর এক তৃণমূল নেতা এই মুহূর্তে জেলবন্দি। আর এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে এবার নয়া জটিলতায় এসএসসি। যা নিয়ে আদালতেরত তোপের মুখে পড়তে হল সংস্থাকে।












Click it and Unblock the Notifications