বন্ধ ঘরে ৩০ পরীক্ষককে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! নজিরবিহীন বলছেন আইনজীবীরা
একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে নিয়োগ দুর্নীতিতে। আর এর মধ্যে নয়া মোড়। খোদ ক্ষমতা প্রয়োগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্োপাধ্যায়।
West Bengal Education Scam: শিক্ষক নিয়োগে একের পর এক কেলেঙ্কারি! এই অবস্থায় কার্যত এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। একেবারে বন্ধ ঘরে ইন্টারভিউয়ারদের জিজ্ঞাসাবাদ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার এমন ৩০ জনকে ডাকা হয়। অষ্টম তলের রেজিস্ট্রার লাউঞ্জে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে বলে জানা যাচ্ছে।

পুলিশের সাহায্য নিয়ে এক এক করে ইন্টারভিউয়ারদের ডেকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও এই জেরা পর্ব শুরুর আগেই বিচারপতি ইন্টারভিউয়ারদের স্পষ্ট জানিয়ে দেন যে ভয়ের কোনও কারণ নেই। তবে সবাইকে সত্যি কথা বলার কথা জানান বিচারপতি। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে এই জেরা পর্ব চলে।
তবে এই ঘটনা কলকাতা হাইকোর্টের নজিরবিহীন বলছেন আইনজীবীদের একাংশ। কোনও বিচারপতি এমন ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন এমন নজির নেই বলেই মত। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জেরা পর্বে আইনি ও সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। আর এই অভিযোগ নিয়ে গত মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বেশ কয়েকজন পরীক্ষার্থী। এরপরেও অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না তা নিয়ে পর্ষদের কাছে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট।
এর আগে শুনানিতে পর্ষদের তরফে সেই হলফনামা জমা পড়ে। আর তা দেখে রীতিমত বিস্মিত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কীভাবে অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নিয়োগ হয় তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। মাত্র কয়েক মিনিটের মধ্যে কীভাবে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড পরীক্ষা হয় তা নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।
এরপরেই এমন ৩০ জন ইন্টারভিউয়ারকে তলব করা হয়। আর এরপরেই আজ মঙ্গলবার ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউট টেস্ট যাঁরা নিয়েছিলেন এমন পরীক্ষক অর্থাৎ ইন্টারভিউয়াররা হাজিরা দেন। যদিও এদিন হাওড়ার কোনও ইন্টারভিউয়ার হাজিরা দেননি।
বলে রাখা প্রয়োজন, অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউয়ের অংশ হিসাবে নেওয়া হয়ে থাকে। এজন্যে আলাদা নম্বরও একটা দেওয়া হয়। আর সেই অ্যাপটিটউড টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগের অভিযোগ সামনে আসল।
উল্লেখ্য নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি সামনে এসেছে। আর সেই কেলেঙ্কারিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এমনকি গ্রেফতার করা হয়েছে একাধিক প্রভাবশালীকেও। আর এর মধ্যেই নয়া অভিযোগে নতুন অস্বস্তি বাড়ল শিক্ষা দফতরের।












Click it and Unblock the Notifications