Kamduni Case: কামদুনি ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা মকুব, বেকসুর খালাস ফাঁসির সাজাপ্রাপ্তও
Kamduni Case: কামদুনি ধর্ষণ এবং খুনের মামলায় ফাঁসির সাজা মকুব করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় দোষী সাব্যস্ত শরিফুল আলি, আনসার আলি এবং আমিন আলি তিনজনকে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু এদিন তিনজনের ফাঁসির সাজা মকুব করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
শুধু তাই নয়, আনসার আলি এবং শরিফুল আলির আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata high Court)। একই সঙ্গে আমিন আলি বেকসুর খালাস পেলেন আদালতের নির্দেশ। একই সঙ্গে রেহাই পেয়েছেন ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করও। ১০ বছর ইতিমধ্যে তাঁরা জেল খেটে ফেলেছেন। আর সেই কারনে তাঁদের বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আর এই নির্দেশ (Kamduni Case) সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবাদী মুখ মৌসুমি, টুম্পা কয়াল সহ কামদুনির মানুষজন। কলকাতা হাইকোর্ট চত্বরেই রাস্তায় কান্নায় ভেঙে পড়েন তাঁরা। একই সঙ্গে নতুন করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিবাদী মুখ মৌসুমি, টুম্পা কয়ালদের।
তাঁদের কথায়, এই বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এমনকি নির্ভয়ার হয়ে যে আইনজীবী সওয়ালে অংশ নিয়েছিলেন তাঁর সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন কামদুনির প্রতিবাদীরা। মৌসুমি জানিয়েছেন, বড় টাকার খেলা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী বিক্রি হয়ে গিয়েছেন বলেও মারাত্মক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনির বিচার দিতে ব্যর্থ বলেও মন্তব্য প্রতিবাদীদের।
উল্লেখ্য, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এদিন কামদুনি মামলার (Kamduni Case) রায় ঘোষণা করেন। দীর্ঘ সওয়াল জবাব শেষে ১০ বছর পর এই মামলার রায় ঘোষণা করল এদিন ডিভিশন। বলে রাখা প্রয়োজন, ঘটনা ২০১৩ সালের ৭ জুন। উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক ছাত্রীকে ধর্ষণ করে একেবারে নৃশংস ভাবে খুন করা হয়। কলেজ থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
আর এই ঘটনায় গর্জে উঠেছিল গোটা গ্রাম। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও এই ঘটনার প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। ক্রমশ আয়ত্তের বাইরে যায় ঘটনা। এই অবস্থায় ঘটনাস্থলে ছুটে যেতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে স্থানীয় বাসিন্দা মৌসুমী ও টুম্পা কয়ালের প্রতিবাদের মুখে পড়তে হয় তাঁকে।
যা নিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি। এদিন হাইকোর্টের নির্দেশের পরে ফের একবার আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল কামদুনি।












Click it and Unblock the Notifications