প্রাথমিক শিক্ষক নিয়োগে হার্ড ডিস্কের তথ্য দিতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট বিকৃত সংক্রান্ত মামলা হয়েছে। সেই বিষয়ে সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল কলকাতা হাই কোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। ওএমআর শিট স্ক্যান করে কোথায় রাখা হয়েছে? কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল? আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে।

আগামী শুক্রবার ওই বিষয়ে তথ্য জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দিনই ওএমআর শিট মামলার পরবর্তী শুনানি হবে। এদিন আদালতে সিবিআইয়ের দাবি, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল। তাতে ডিজিটাইজড তথ্য রয়েছে। যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে। এমনকী এও দাবি যে, মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে।
সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির পাল্টা মন্তব্য, "মেটা ডেটা কখনওই মুছে ফেলা সম্ভব নয়। এর ডিজিটাল ছাপ রয়েই যায়। যা মোছা যায় না।" এরপর পরবর্তী শুনানিতে সেই বিষয়ক তথ্য চাইল আদালত।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। এই কথা কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য ছিল, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর শিট বা উত্তরপত্র মূল্যায়ণের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই ওএমআর শিট স্ক্যান করেছে।
এর আগে ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।












Click it and Unblock the Notifications