পুর দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ নয় হাইকোর্টের
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে মিলল না স্বস্তি রাজ্যের। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মামলার উপর কোন স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। আজ সোমবার বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ। আগামী শুক্রবার অর্থাৎ ১২ মে এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট।
এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ পুরসভা ও শিক্ষা নিয়োগ দুর্নীতি একটা মিশ্রিত অপরাধ। বলে রাখা প্রয়োজন, পুরসভা নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সে মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ পুনবিবেচনার আবেদন রাজ্য জানায় বিচারপতি অমৃতা সিনহা'র বেঞ্চে।

আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের হয়ে সৌমেন্দ্রনাথ মুখপোপাধ্যায় অংশ নেন। আবেদনে আইনজীবী বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক্তিয়ার ছিল না এই মামলা শোনার। তিনি এই সংক্রান্ত মামলা শোনার দায়িত্বে নেই। রাজ্য আইন শৃঙ্খলার দায়িত্বে। কোন অপরাধ হলে রাজ্য তার তদন্ত করে। সিবিআই ব্যতিক্রমী ক্ষেত্রে তদন্তের অনুমতি পায়। ইডির আবেদন গ্রহনযোগ্য নয় বলেও এদিন সওয়াল করেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
অন্যদিকে এদিন সিবিআইয়ের তরফে শুনানিতে অংশ নেন আইনজীবী বিল্লোদ্বল ভট্টাচার্য। তাঁর সওয়াল, নতুন করে পুরর্বিবেচনা করার অর্থ নতুন করে ফের এই মামলা শুরু করতে হবে। FIR lodge হয়ে গিয়েছে। আর সেই তথ্য দেওয়া হয়নি শীর্ষ আদালতে। ফলে পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্য নয় বলে শুনানিতে সওয়াল সিবিআইয়ের। পাশাপাশি আইনজীবী জানান, যেখানে সরকারি কর্মচারী দুর্নীতি করছেন সেখানে সিবিআই তদন্ত করতে পারে।

অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলায় অংশ নেন বিকাশ ভট্টাচার্য, বিক্রম ব্যানার্জি, ফিরদৌস শামিম। তাঁদের দাবি, পুরসভা দুর্নীতি নিয়োগ মামলার সঙ্গে মিশে রয়েছে। সিবিআইয়ের রিপোর্টে দেখা যায় একাধিক দফতর যুক্ত। প্রায় ২০০ কোটি সুবিধাভোগীরা নিয়েছে বলেও সওয়াল আইনজীবী।, সেই তদন্ত সিবিআই, ইডি করবে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মামলার শুনানিতে এদিন উঠে আসে। যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত সিবিআই মামলার উপর কোন স্থগিতাদেশ দেয়নি। তবে আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলায় চূড়ান্ত নির্দেশ শোনাবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications