ফের নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানুন, বিস্তারিত
ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে যেতে পারে বলেও জানানো হয়েছে। এর ফলে উত্তরের সমতল ও পূর্বভারতে ৪ থেকে ৫ দিন ব্যাপক বৃষ্টি হতে পারে। গাঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরভাগেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
একটি মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, বেরিলি, গোন্ডা, গয়া, জামশেদ, মেদিনীপুর হয়ে দক্ষিণ পূর্ব দিক হয়ে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, একটি ঘূর্ণাবর্তও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতা-সহ আশপাশের এলাকায় শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবারের ক্ষেত্রেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আর্দ্রতা বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে বলেও জানানো হয়েছে।
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা, ঝাড়খণ্ড ও গাঙ্গের পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন ব্যাপক বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications