দুপুরেই ঘনাল সন্ধ্যা, বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, এমন আবহাওয়া কতদিন?
আজ দুপুরে কলকাতা ও সন্নিহিত জেলাগুলিতে দুপুরেই ঘনিয়ে এলো সন্ধ্যা। তুমুল বৃষ্টি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাত। আর তাতেই জলমগ্ন হয়ে পড়ল বেশ কিছু এলাকা।
স্বাভাবিকভাবেই যাঁরা নানা কাজে বাইরে বেরিয়েছিলেন তাঁরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েন। বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ নিরাপদ আশ্রয়ে আটকেও থাকতে হয় অনেককে। ফলে ব্যাহত হয় কাজকর্ম।

প্রবল বৃষ্টিপাতের জেরে বিভিন্ন স্থানে জল জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ফলে গাড়ির গতিও ছিল কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে ৯ ঘণ্টার মধ্যে কলকাতায় ৬৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সল্টলেকে ২৭ মিমি বৃষ্টি হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (৬০ মিমি) এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (৪৮ মিমি)। এই দুটি উপকূলীয় জেলা বঙ্গোপসাগরের পাশেই অবস্থিত। বর্ষার বিদায়ের মুখে আবহাওয়ার খামখেয়ালি আচরণে অনেকেই বিরক্ত। প্রশ্ন উঠছে, বৃষ্টি কি আর বিদায় নেবে না? সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানাবিধ মিম।
এর মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিন থেকে চার দিন রাজ্যের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এক বা দুটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চলের এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications