গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা, জেনে নিন বিস্তারিত
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

নিম্নচাপ ঘনীভূত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে একই এলাকায় ঘূর্ণাবর্তও বর্তমান। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় ঘনীভূত হয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল নিম্নচাপ তৈরি করবে বলে অনুমান আবহ দফতরের।

মৌসুমী অক্ষরেখা
আবহ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখা অনুপগড়, শিকার, আগ্রা, গোয়ালিয়র, এলাহাবাদ, ডালটনগঞ্জ, জামশেদপুরের ওপর অবস্থান করছে।
আবহ দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুক্র, শনি ও রবিবার বৃষ্টি হবে।

আবহ দফতরের সতর্কবার্তা
সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবারের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা এদিন ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায়।
শনিবারের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায়। এর সঙ্গে ভারী বৃষ্টির(৭-১১ সেমি) সতর্কবার্তা দেওয়া হয়েছে, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দু-একটি জায়গায়।
রবিরারে জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।

মৎস্যজীবীদের সতর্কবার্তা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করায় মৎস্যজীবীদের ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications