শহরের বিসর্জনে ৭০ ঘাটে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ
দুর্গাপুজোর ভাসান উপলক্ষে শহরের গঙ্গার ঘাটগুলোতে নিরাপত্তা-ব্যবস্থা আটক করল কলকাতা পুলিশ। পুজোর কটা দিনের মতো যাতে বিসর্জনও ভালো ভাবে সম্পন্ন হয় সে কারণে শহরতলীর ৭০ টি ঘাটের প্রত্যেকটিতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ-প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

লালবাজার সূত্রের খবর, এ বছর মঙ্গলবার থেকে ৪ দিন ধরে প্রতিমা নিরঞ্জন চলবে। সে কারণে বিসর্জন চলাকালীন স্পিড বোটে চেপে গঙ্গার বুকে নজরদারি চালাবে কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। আর প্রত্যেক ঘাটেই প্রস্তুত থাকবেন অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যেরা। থাকছেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। তাঁদের অধীনে থাকছেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অফিসার ইনচার্জ পদমর্যাদার অফিসার। এ ছাড়া গঙ্গার ঘাটগুলিতে প্রায় ১০০ জনের মতো অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।
লালবাজারের তরফে আরও জানা গিয়েছে, প্রতিটি ঘাটে সিসিটিভি-র পাশাপাশি ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। ফুল, বেলপাতা, মালা ফেলার জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করা হয়েছে। একসঙ্গে ঘাটে দু-তিনটির বেশি প্রতিমা থাকতে দেওয়া হচ্ছে না। অন্য বারের মতো এ বারও গঙ্গার ঘাটগুলি থেকে প্রতিমার কাঠামো তোলার জন্য পুরসভার তরফে ক্রেন রাখা হয়েছে। ঘাটে দাঁড়িয়ে বাজি ফাটানো বা গান বাজনা করে সময় নষ্ট করতে দেওয়া হচ্ছে না। ঘাটে ঢোকার সময় প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হচ্ছে কোন পুজো কবে নিরঞ্জন হবে সে ব্যাপারে নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবছর বাড়ি ও বারোয়ারি পুজো মিলিয়ে শহরে প্রায় ৪০০০ এর মতো পুজো র তালিকা রয়েছে। তার মধ্যে ১৭৯টি বড় পুজো। তবে বেশ কিছু বড় ক্লাবের পুজো আজকেই বিসর্জন হবে না। সেগুলির পর পর দিন ঠিক করা রয়েছে। এছাড়াও ১১ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের জন্যও রেখে দেওয়া হবে বেশ কিছু দুর্গা প্রতিমা।












Click it and Unblock the Notifications