হাইকোর্টে ১৪ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু
কলকাতা, ৮ এপ্রিল : বাবার মৃত্যুর কারণ দেখানোয় কলকাতা হাইকোর্ট থেকে ১৪ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু।
বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম সারতে কয়েকদিন আগেই নিম্ন আদালতে জামিনের আবেদন জানান রোজভ্যালি কর্তার আইনজীবীরা। কিন্তু, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তীব্র বিরোধিতায় তা আটকে যায়। এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান রোজভ্যালি কর্ণধার।

এদিন হাইকোর্টে মামলাটি বিচারপতি শিবসাধন সাধুর এজলাসে উঠলে মানবিক কারণেই গৌতম কুণ্ডুকে ১৪দিনের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
একইসঙ্গে আদালতের নির্দেশ, জামিনে মুক্ত থাকাকালীন গৌতম কুণ্ডুকে তাঁর সমস্ত গতিবিধির খবর ইডির আধিকারিকদের জানাতে হবে। সেইসঙ্গে তাকে জমা রাখতে হবে পাসপোর্ট সহ বিভিন্ন ব্যক্তিগত নথিপত্র। এমনকী, বাড়ির সদস্যদের মোবাইল ও সমস্ত ল্যান্ড ফোনের নম্বরও ইডিকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার কোথায় কোথায় গৌতম কুণ্ডু যাচ্ছেন তাও আগাম জানাতে হবে গোয়েন্দাদের।
১৪ দিনের জামিন শেষে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে রোজভ্যালি কর্ণধারকে।












Click it and Unblock the Notifications