খুঁটি পুজোর মধ্য দিয়েই শুভ সূচনা হাজরা পার্ক দুর্গোৎসবের
রথযাত্রা উৎসবের মাধ্যেমই সূচনা হয় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর। হাতে এখন ২ মাস বাকি। তার আগেই শহরের বিভিন্ন প্রান্তে খুঁটিপুজো সম্পন্ন হচ্ছে। তেমনই শনিবার উল্টো রথযাত্রার প্রাক্কালে যতীন দাস পার্কে (হাজরা ক্রসিং) হাজরা পার্ক দুর্গোৎসব কমিটি খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় অনুষ্ঠানের সূচনা করেছে।
হাজরা পার্ক দুর্গোৎসব তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপনের শৈলীর জন্য শহরের অন্যতম আকর্ষণীয় পুজো। অভিনব থিমের জন্য এই পুজো বিশেষভাবে বিখ্যাত। এছাড়াও এই কমিটি সারা বছর ধরে যে সামাজিক কাজ করে থাকে তাতে হাজরা পার্ক দুর্গোৎসবের নাম সবসময় শহরবাসীর মনের মণিকোঠায় বিরাজ করে।

শনিবার হাজরা পার্কের খুঁটিপুজোর অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা সহ আরও অনেকে।
উল্টো রথের প্রাক্কালে হাজরা পার্ক দুর্গোৎসবে ঢাক বাজিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে দুর্গাপুজোর সূচনা হয়। এই বছর, ৮২ তম সংস্করণ উদযাপন করছে এই পুজো। প্রতিবছরের মতো এবছরও জাঁকজমক এবং সৃজনশীলতার সঙ্গে এই পুজো অবিস্মরণীয় হয়ে উঠবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি সায়ন দেব চট্টোপাধ্যায় বলেন, 'একাধিক পুরস্কারে ভূষিত হয়ে তিন চাকার গল্পের থিম নিয়ে ৮১তম বর্ষের বিশাল সাফল্যের পর আমরা হাজরা পার্ক দুর্গোৎসবের পুরো টিম, পরবর্তী পর্ব সাফল্যমন্ডিত করার জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বিভিন্ন থিমপুজোর মাঝে এ বছরও আমরা নতুন চমক নিয়ে আসছি। আমরা আত্মবিশ্বাসী যে এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করবে।'
হাজরা পার্কের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিনেত্রী তৃণা সাহা বলেন, 'এখানে এসে খুবই ভালো লাগছে। খুঁটিপুজো মানেই মা দুর্গার আগমন বার্তা। দিন গোনা শুরু হয়ে যায় এই সময় থেকেই। আমিও দিন গোনা শুরু করে দিয়েছি।'












Click it and Unblock the Notifications