Hanuman Jayanti: একবালপুরে হঠাৎ পরিদর্শনে রাজ্যপাল, দিলেন সম্প্রীতির বার্তা
হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা নিয়ে একবালপুরে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগে লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দিয়েছেন তিনি। তারপরেই স্পর্শ কাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতার একাধিক জায়গাকে স্পর্শকাতর চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করেছে। ড্রোনেও চালানো হচ্ছে নজরদারি। এরই মধ্যে হঠাৎ করেই একবালপুরে সংখ্যালঘু এলাকায় পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

হনুমান জয়ন্তীতে মূলত সম্প্রীতির বার্তা নিয়েই তিনি পৌঁছে গিয়েছেন একবালপুরে । রমজান মাস চলছে এই সময়ে কোনও রকম অশান্তির আবহ যাতে তৈরি না হয় তার জন্য কলকাতার একাধিক স্পর্শকাতর এলাকায় ঘুরে দেখছেন তিনি। একবালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক মানুষের সঙ্গে কথা বলেন। বাজারে দোকানিদের সঙ্গে কথা বলেন। স্কুলের ছোট ছোট শিশুদের সঙ্গেও কথা বলেন তিনি।
একবালপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, এই সাধারণ মানুষের জন্যই তিনি আজ রাজ্যপাল। তাই তাঁদের কথা ভাবা তাঁর প্রথম কাজ। তাঁরা যাতে নিরাপদে এবং শান্তিতে থাকতে পারে সেটা দেখাই তাঁর প্রধান কাজ বলে বার্তা দিয়েছেন তিনি। এলাকায় সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। একবালপুরে টহলরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি।

একাবালপুর থেকে বেরিয়ে সোজা পোস্তায় চলে যান তিনি। হনুমানজয়ন্তীতে পোস্তাকেও স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। সেখানেও কেন্দ্রীয় বািহনী টহল দিচ্ছে। পোস্তাতেও রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে এক দোকানির কাছ থেকে ছাতুর শরবতও খান রাজ্যপাল। রাস্তায় ঘুরে ঘুরে পথ চলতি সাধারণ মানুষ, দোকানিদের সঙ্গে কথা বলেন। পোস্তায় একটি হনুমান মন্দিরের ভেতরেও যান রাজ্যপাল।












Click it and Unblock the Notifications