জিডি বিড়লায় ত্রিপাক্ষিক বৈঠক, স্কুলের বিরুদ্ধে যে দাবিতে সরব হবে ফোরাম
অভিভাবক ফোরামের সঙ্গে প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত হয় আলোচনার টেবিলে বসে সমাধান সূত্র বের করার। সেইমতোই জিডি-তে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে।
জিডি বিড়লা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সম্মত হল অভিভাবক ফোরাম। সোমবার অভিভাবক ফোরামের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আলোচনার টেবিলে বসে সমাধান সূত্র বের করার। ফের স্কুলের পঠনপাঠন চালু করার ব্যাপারে একটা চেষ্টা চালানো হচ্ছে।

সেই কারণেই মঙ্গলবার জিডি বিড়লা স্কুলে এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক ফোরামের প্রতিনিধি, জিডি বিড়লা কর্তৃপক্ষ, প্রশাসনের প্রতিনিধিরা যেমন এই বৈঠকে উপস্থিত থাকবেন, স্কুল শিক্ষা দফতরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বৈঠকে। সেখানেই সমস্ত দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে।

অভিভাবক ফোরামের তরফে কিছু নির্দিষ্ট দাবি তুলে ধরা হবে বৈঠকে। তবে এখনই স্পষ্ট করা হয়নি ঠিক কী কী দাবি তুলে ধরা হবে অভিভাবক ফোরামের তরফে। এ ব্যাপারে তাঁরা জিডি বিড়লা কর্তৃপক্ষকে কোনও সুযোগ দিতে রাজি নয়। তবে নির্ধারিত বৈঠকে যে বিষয়ে সবথেকে গুরুত্ব দেওয়া হবে, তা হল স্কুলে শিশুদের নিরাপত্তা। এবং বর্তমান পরিচালন সমিতি বদলের দাবিও তোলা হবে ফোরামের পক্ষ থেকে। দাবি তোলা হবে পরিচালন সমিতি থেকে বিশেষ কয়েকজনের পদত্যাগের।

অভিভাবক ফোরামের তরফে জানানো হয়েছে, তাঁরা আলোচনা করে একটা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছবেন। তারপর সেই দাবিগুলিই বৈঠকে উপস্থিত তাঁদের প্রতিনিধিরা তা স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন ও স্কুল শিক্ষা দফতরের কাছে তুলে ধরবেন। তবে এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন নিগৃহীতা ছাত্রীর বাবা। তাঁর দাবি, যাঁরা এই অপরাধ করল, তাঁদের সঙ্গে কী বৈঠক করব। এখনও অপরাধীরা সবাই গ্রেফতারি হল না। এদিন জিডি বিড়লার সামনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন।












Click it and Unblock the Notifications