সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল! রাজ্য সরকারের রিপোর্ট তলব করলেন সিভি আনন্দ বোস
সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তিনি এই কর্মসূচি রেখেছেন। তিনি নিজের রাজ্য কেরল সফর কাঁটছাট করে ফিরছেন বলে জানা গিয়েছে। শনিবার বিজেপি বিধায়কদের রাজভবন অভিযানের পরেই সন্দেশখালি নিয়ে তৎপর হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নকে চিঠি লিখে তিনি পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
রাজ্যপাল রাজ্য সরকারকে সন্দেশখালির মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেন। সূত্রের খবর, মুখ্যসচিব বিপি গোপালিকাকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, সন্দেশখালির মহিলাদের ওপরে নির্যাতন অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। রাজ্য সরকার অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন, শনিবার দুপুরে বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মিছিল করে রাজভবনে যান। সেখানে তাঁরা সন্দেশখালি কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের সচিবের কাছে দাবিপত্র দেন। এরপর রাজভবনের বাইরে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা।
সেই সময় শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা রাজ্যপালের কাছে আবেদন নিয়ে যাননি। তিনি সংবিধানের প্রধান। তিনি সন্দেশখালির আক্রান্তদের নিরাপত্তা দিতে বাধ্য। সেই সময় তিনি দাবি করেন, ২৪ ঘন্টার মধ্যে রাজভবনকে ব্যবস্থা নিতে হবে। না হতে বিজেপি বিধায়কদের নিয়ে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসবেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবির পাশাপাশি ইন্টারনেট চালু করার দাবি তুলেছিলেন। পাশাপাশি তিনি দাবি করেছিলেন রাজ্যের পুলিশ ব্যর্থ হলে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্দেশখালিতে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
প্রসঙ্গত শনিবার বিজেপির প্রতিনিধিদলকে সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয়। আর রবিবার সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয় সিপিআইএমের প্রতিনিধি দলকে। শনিবার সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। আর এদিন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে কলকাতা থেকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications