ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ধর্ষণ তরুণীকে, গ্রেফতার এক

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভদীপ পাল। বয়স ২২ বছর। একটি বেসরকারি কোম্পানির চাকুরে। শুভদীপের নেশা ছিল, ফেসবুকে অল্পবয়সী মেয়েদের সঙ্গে ভাব জমানো। প্রথমে 'ফ্রেন্ড রিকোয়েস্ট' পাঠাত। অধিকাংশ ক্ষেত্রেই তা গ্রহণ করত মেয়েরা। তার পর চলত তথ্য সংগ্রহের পালা। সংশ্লিষ্ট মেয়েটি বা মেয়েরা কে কোথায় যায়, প্রেমিক আছে কি না, কোথায় চাকরি করে, বাড়িতে কে আছে ইত্যাদি। এর পর দেওয়া হত প্রেমের প্রস্তাব।
এইভাবে কিছুদিন আগে দক্ষিণ কলকাতারই একটি কলেজের এক ছাত্রীকে সে ফেসবুকে 'ফ্রেন্ড রিকোয়েস্ট' পাঠায়। প্রথমে আলাপ, তার পর রসালাপ। মেয়েটি 'চ্যাট' করার সময় নিজের সম্পর্কে সব কিছুই জানায় শুভদীপকে। সে নিজেও মেয়েটিকে অনেক কিছু জানায়, যদিও তার সবটাই ভুয়ো। নিজেকে মোটা টাকার রোজগেরে দাবি করে বিয়ে করে ঘর বাঁধার প্রস্তাব দেয়। মেয়েটি রাজি হয়। তাকে সোমবার দুপুরে ডেকে পাঠায় নিজের পিজি-তে। মেয়েটিও চলে আসে। তার পর ছেলেটি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, মেয়েটির নগ্ন ছবি তুলে ভয় দেখায় যে, কাউকে কিছু বললে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে।
নির্যাতিতা বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু বলেনি। রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চেপে ধরে। তখন সব কিছু বলতে বাধ্য হয়। রাতেই গরফা থানায় অভিযোগ করা হয়। এর জেরে পুলিশ গতকাল গ্রেফতার করেছে শুভদীপ পালকে। তাকে জেরা করে জানা গিয়েছে, আগেও এমন ঘটনা ঘটিয়েছে সে। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে মেয়েদের ডেকে আনত নিজের পিজি-তে। তার পর ধর্ষণ করে মেয়েদের নগ্ন ছবি তুলে রাখত। ভয় দেখাত, কাউকে জানালে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। তাই ভয়ে কেউ মুখ খুলত না। শেষ পর্যন্ত অবশ্য ঘুঘু ফাঁদেই পড়ল!












Click it and Unblock the Notifications