চাকরি কবে পাব? এসএসসি ভবন অভিযানে সল্টলেকে পুলিশের সঙ্গে ধুন্ধুমার আগামীর শিক্ষকদের
গত সপ্তাহ পর্যন্ত সল্টলেক করুণাময়ী এলাকায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলেছে। সাধারণ মানুষও সামিল হয়েছিলেন সেই আন্দোলনে। সপ্তাহের শুরুতেই এবার পথে নামলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। সল্টলেক করুণাময়ী চত্বরে বিপুল সংখ্যায় চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে পৌঁছে গিয়েছিলেন।
সোমবার বেলা থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী এলাকায়। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা এসএসসি ভবন অভিযান করেন। পুলিশ সেই অভিযান রোখার জন্য আগে থেকেই তৈরি ছিল। বিপুল সংখ্যক মহিলা পুলিশ কর্মীকেও নিয়োগ করা হয়েছিল বিক্ষোভ ঠেকানোর জন্য। এক সময় পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি হয়।

২০১৬ সালের আপার প্রাইমারি নিয়োগের দাবিতে সোমবার রাস্তায় বিক্ষোভ দেখানো হল। এসএসসি ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা সল্টলেকে রাস্তায় ছুটোছুটি করতে থাকেন। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে সল্টলেকের করুণাময়ীতে দক্ষযক্ষ বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের রীতিমতো টেনেহিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। অনেককেই গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়।
২০১৬ এর আপার প্রাইমারি নিয়োগ অবিলম্বে করতে হবে। ১৪০৫২ জন প্রার্থীর চাকরির সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মীপুজো ও কালীপুজোর মধ্যে সময়ে সেকেন্ড ও থার্ড কাউন্সেলিং সম্পূর্ণ করতে হবে। এই দাবি তোলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। পুলিশ কর্মীদের সঙ্গেও এদিন বচসা হয় অনেক আন্দোলনকারীর।
দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করে চলেছেন। নিয়োগপত্র হাতে পাচ্ছেন না। আর কবে চাকরি পাবেন? ২০২৪ সালও প্রায় কেটে গেল। সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক বিষয় সামনে আসছে না। সে কারণেই ফের তাদের পথে নামতে হয়েছে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সল্টলেকের ওই রাস্তায় গত সপ্তাহ পর্যন্ত বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলেছে। জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষের সঙ্গে মিছিলে সামিল হয়েছেন। এবার সেই রাজপথেই আগামীর শিক্ষকরা নামলেন।












Click it and Unblock the Notifications