কালীর হাতে শুভেন্দু দিলীপদের মুণ্ডমালা, দুর্গার মরসুমে রাজনৈতিক কালী আরাধনার ঢাকে কাঠি
কালীর হাতে শুভেন্দু দিলীপদের মুণ্ডমালা, দুর্গার মরসুমে রাজনৈতিক কালী আরাধনার ঢাকে কাঠি
সেদিন দেবী কালী ছিলেন শুভেন্দু অধিকারীর হাতে। সময়ন গিয়েছে, এবার দেবী কালীর মুন্ডমালা হয়ে গেলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। দুর্গা পুজোর মরসুমে পড়ে গেল কালী পূজার ঢাকে কাঠি। তাও আবার সম্পূর্ণ রাজনৈতিক ঢঙে।

বাগুইআটি জ্যাংরার স্বামিজীপল্লী অধিবাসীবৃন্দ গত ১৫ বছর ধরে কালী পুজো করছে। এটা তাঁদের ১৬তম বছর। আর এই ১৬তম কালী পুজোতে তাঁরা বিষয় হিসাবে তুলে এনেছেন কালীঘাটের অগ্নিকন্যাকে। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তা আর বলতে হয় না। এতদিন দুর্গাপুজোতে তাঁকে ঘিরে থিম হয়েছে, কালীপুজোতে মমতা বন্দ্যোপাধ্যায় থিম হিসাবে পদার্পণ এই প্রথম। আর তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর সেই যে লড়াই শুরু হয়েছে ২০২১ থেকে তা এখন ক্রমে বড় হয়েছে।
স্বামিজীপল্লী অধিবাসীবৃন্দ মুখে না বললেও তাঁরা যে আদ্যপান্ত তৃণমূলপন্থী তা স্পষ্ট। তাই তাঁদের থিমের নাম কালীঘাটের অগ্নিকন্যা। বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এবং তাঁরা যেভাবে পুজোর ঢাকে কাঠি দিলেন তা এই বিষয়কে আরও স্পষ্ট করে।

কালীঘাটের কালী মূর্তির আদলে হাজির করা হয়েছিল এক জীবন্ত দেবীকে। তাঁর মুন্ডমালায় ঝুলে থাকতে দেখা গেল শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার প্রত্যেককে। আসলে মা কালীর মুণ্ডমালায় শুভেন্দু দিলীপ সুকান্তর প্রতীকী কাটা মুণ্ডু দেখা গেল এখানে। কালীপুজোর সূচনায় হল মুণ্ডমালার উন্মোচন । সেখানেই দেখা গেল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের প্রতীকী কাটা মুণ্ডু। সাম্প্রতিক পরিস্থিতিতেই কী এমন ভাবনা ? স্বামীজি পল্লী অধিবাসী ক্লাব অবশ্য বলছে , "একেবারেই তা নয়। দিদিকে আমরা ভালোবাসি। উনি অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করে উঠে দাঁড়িয়েছেন। উনি যাতে রাজ্যের জন্য আরও ভালো কিছু করতে পারেন তাই এই কাজ। আর এই যে বিরোধীনেতাদের মুণ্ডমালা এটা ইচ্ছাকৃত নয়, এটা দিদির প্রতি ভালোবাসা থেকে করেছি।"
প্রসঙ্গত সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালী পূজা সম্পর্কে মন্তব্য করেছিলেন। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সাংসদের ওই মন্তব্যের পর পাশে ছিল না বলে জানিয়েছিল খোদ তৃণমূল দল। ওই মন্তব্যকে কড়া ভাষায় নিন্দা করা হয়েছিল। বিজেপি তখন মহুয়ার কালী-মন্তব্যকে হাতিয়ার করতে চেয়েছিল। সেই লক্ষ্যে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হাতে সেদিন ছিল দেবী কালীর ছবি। আর আজ তাঁকেই দেখা গেল কালীর হাতে ঝুলে থাকতে প্রতীকী হিসাবে।












Click it and Unblock the Notifications