তৃণমূলের প্রাক্তন বিধায়ক পা বাড়িয়ে বিজেপিতে! দলত্যাগ করলেই ‘টিকিট’ বাঁধা
মুকুল রায়কে হাতিয়ার করে বিজেপি চাইছে তৃণমূল ভাঙিয়ে নেতা-নেত্রীদের এনে দলের টিকিট দিতে।
তৃণমূলকে ধাক্কা দিয়েই প্রার্থী নির্বাচনে পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। সে উলুবেড়িয়া হোক বা নোয়াপাড়া- সর্বত্রই বিজেপি তাকিয়ে রয়েছে তৃণমূল-ত্যাগী নেতা-নেত্রীরদের দিকে। কিংবা মুকুল রায়কে হাতিয়ার করে বিজেপি চাইছে তৃণমূল ভাঙিয়ে আনা নেতা-নেত্রীদের দলের টিকিট দিতে। সেই লক্ষ্যেই উলুবেড়িয়া ও নোয়াপাড়া ভোটের আগে তৃণমূলের দিকে প্রার্থী খুঁজতে হাত বাড়িয়েছে বিজেপি।

এই অবস্থায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে নিয়ে। তিনি সম্প্রতি তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপির কেন্দ্রীয় নেতা বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ নিয়েই যাবতীয় জল্পনার সূত্রপাত। তাঁকে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে।
মঞ্জু বসু দু-দু'বার তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন তৃণমূলের মূল স্রোতে তিনি নেই দেখেই বিজেপি হাত বাড়ায়। মুকুল রায় তাঁর সঙ্গে যোগাযোগ করে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে। তারপরই মুকুল রায় ও বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ হয় বলে জল্পনা। এই খবর উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নির্মল ঘোষ মঞ্জুদেবীর সঙ্গে যোগাযোগ করেন।
মঞ্জুদেবী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'উপনির্বাচন স্থির হয়েছে নোয়াপাড়ায়। তবেু দলের তরফে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকী প্রার্থী ঘোষণা হয়ে গেল, শুরু হয়ে গেল প্রচারও, এলাকার প্রাক্তন বিধায়ক হয়েও আমি কিছু জানতে পারলাম না। দল আমাকে কোনও কর্মসূচিতেই ডাকছে না, অথচ বলা হচ্ছে আমি অনুপস্থিত থাকছি। দলের কাছে এটা কি আমার পাওনা ছিল! নাকি দলের আর একটু সৌজন্য দেখানো উচিত ছিল আমার প্রতি।'
মঞ্জুদেবী এদিন মুকুল-কৈলাশের সঙ্গে সাক্ষাতের বিষয়টিএ স্বীকার করে নেন। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি। ফলে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও বেড়ে গিয়েছে। গত বিধানসভায় এই মঞ্জুদেবীই মধুসূদন ঘোষের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মধুসূদনবাবুর কাছে তিনি হেরে যান। মধুসুদনবাবুর মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয়। সেই আসনেই ভোট হবে ২৯ জানুয়ারি।












Click it and Unblock the Notifications