সাগরে নিম্নচাপ, নববর্ষের প্রথম দিনেই আঁধার ঘনাল মেঘে
কলকাতা, ১ জানুয়ারি: নববর্ষের প্রথম দিন। কোথায় রোদ ঝলমলে থাকবে তা নয়, সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। অন্তত এমনটাই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকী, আগামী অন্তত দু'দিন জাঁকিয়ে শীত পড়ার আশা নেই বলেও দাবি করেছেন তাঁরা।
বড়দিন থেকেই কলকাতায় নেমে যাচ্ছিল পারদ। ১১.৩ ডিগ্রিতে এসে দাঁড়ায় সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু হঠাৎ বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয় একটি নিম্নচাপ। তার ঠেলায় থমকে যায় উত্তুরে বাতাস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রিতে উঠে যাওয়ায় আগের তুলনায় গরম বোধ হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর বলেছে, তামিলনাড়ু উপকূল থেকে সরে এসে নিম্নচাপটি অন্ধ্র-ওডিশা উপকূলে অবস্থান করছে। তা যত এগিয়ে আসবে, ততই দুর্যোগ বাড়বে। বৃহস্পতিবার থেকে আগামী দু'দিন বৃষ্টির আশঙ্কা থাকছে। সঙ্গে পাওনা মেঘলা আকাশ। আশা করা যায়, পৌষ সংক্রান্তির কয়েকদিন আগে থেকে জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে।
এদিকে, মেঘকে উপেক্ষা করেই সকাল থেকে দক্ষিণেশ্বরে ঢল নেমেছে ভক্তদের। কল্পতরু উৎসব উপলক্ষে মন্দিরের সামনে বিরাট লাইন। ভিড়ের জেরে দক্ষিণেশ্বরে যান নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications