প্রেসিডেন্সির কেন্দ্রীয় গ্রন্থাগারের আগুন নিয়ন্ত্রণে এল দমকল বাহিনীর তৎপরতায়
কলকাতা, ৯ সেপ্টেম্বর : শুক্রবার দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে জানা গিয়েছে।
শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে হঠাৎ কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। আগুন লাগার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে।

দমকল বাহিনী প্রাথমিকভাবে জানায় পাশের কম্পিউটার সার্ভার রুমে বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন লেগেছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।
উল্লেখ্য এর আগেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাবে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, "দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে ঠিক কি করে আগুন লেগেছিল। "












Click it and Unblock the Notifications