Fire in Acropolis Mall: পাঁচমাসের মধ্যে আবারও, জ্বলে উঠল অ্যাক্রোপলিস মলের ফুড কোর্ট, খালি করা হল গোটা এলাকা
Fire in Acropolis Mall: ফের কসবার অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall) আগুন! মাত্র পাঁচ মাসের মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। মলের চারতলায় থাকা ফুড কোর্টে এই আগুন লাগে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। যদিও মলের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
এমনকি আগুনকেও কোনও ভাবে বাড়তে দেওয়া হয়নি বলেই খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মলের কর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। রাতারাতি সম্পূর্ণ ভাবে মল খালি করে দেওয়া হয়। কসবার অ্যাক্রোপলিস মলে (Fire in Acropolis Mall) একাধিক অফিস রয়েছে। সেখান থেকেও কর্মীদের বার করে নিয়ে আসা হয় বলে জানা যাচ্ছে।

ঘটনার পরেই প্রশ্ন উঠছে মলের সুরক্ষা এবং ব্যবস্থা নিয়ে। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ মাস আগেই মলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে। মলের একের পর এক কাচের জানলা ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এমনকি আপাদকালীন সিঁড়ি দিয়ে সাধারণ মানুষকে বের করে আনা হয়। এই ঘটনায় মলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায়। দেখা যায়, বিখ্যাত মল হলেও সেখানে সাধারণ মানুষের সুরক্ষার কোনও ব্যবস্থা নেই।
এমনকি জরুরি সিঁড়ি থাকলেও তা ব্যবহারের অযোগ্য ছিল। এই ঘটনার পর দীর্ঘদিন বন্ধ ছিল মল। বন্ধ ছিল ফুড কোর্টও। সম্প্রতি দমকলের বেঁধে দেওয়া নির্দিষ্ট গাইডলাইন মেনে মল খোলে। স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। কিন্তু পাঁচ মাসের মাথা ফের অগ্নিকান্ডের ঘটনা মলে। জানা যায়, মলের চারতলায় থাকা ফুড কোর্টে এই আগুন লাগে। একেবারে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। যদিও মলের কর্মীরাই আগুন নেভানোর কাজে ছুটে যায়।
নিজস্ব ফায়ার ফাইটারকে কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় রাতারাতি। কিন্তু বড় বিপদের আশঙ্কায় রাতারাতি খালি করে দেওয়া হয় সম্পূর্ণ মল। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে মলের সুরক্ষা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ফের কোথাও গাফিলতি? ঘটনার পরেই উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে, ঘটনার পরেই অভিজাত মলের ফুড কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘিরে দেওয়া হয়েছে মলের সামনের এলাকাও।












Click it and Unblock the Notifications