আনন্দপুরের পর এবার মল্লিকবাজার! কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ভরে গেল এলাকা
কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আনন্দপুরের গুদামকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আজ সকালে মল্লিকবাজার এলাকার একটি চারতলা ভবনে আগুন লাগে। খবর ছড়িয়ে পড়ার পরেই গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

ঘিঞ্জি এলাকায় চারতলা ভবন। আর সেই কারণেই ওই ভবনে আগুন লাগার পর তাড়াতাড়ি করে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। যেহেতু ঘিঞ্জি এলাকায় চারতলা ভবন, তাই আশপাশের ভবন খুব কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভবনের ভিতরে কেউ আটকে পড়েননি বলেই জানা গিয়েছে। আগুন লাগার সাথে সাথেই বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
যদিও আগুনের কারণ এখনও নিশ্চিত নয়। স্থানীয়দের একাংশের অনুমান যে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ভবনের ভিতরে দাহ্য বস্তু থাকার কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে দমকলের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, আজ ভোর প্রায় ৩টা থেকে আনন্দপুর এলাকায় একটি শুকনো খাবারের গুদামেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকার্য আরও জোরদার ভাবে করা হয়েছে। তবে এখনও আরও একাধিক কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে গুদামের ভিতরে চলছে তল্লাশি।












Click it and Unblock the Notifications