চায়ের দোকান থেকে আগুন পার্কস্ট্রিটে কোহিনুর ভবনে!
চা দোকান থেকে আগুন ছড়াল কোহিনুর ভবনে। দমকল কর্মীরা চা দোকান থেকে একের পর এক তিনটি গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে আসেন। তারপর জল দিয়ে ঠান্ডা করা হয় ওই গ্যাস সিলিন্ডারগুলি।
অফিস টাইমে হঠাৎ আগুন পার্কস্ট্রিটের কোহিনুর ভবনে। পাশের চায়ের দোকান থেকে এই আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। দমকলকর্মীরা বিষাক্ত ধোঁয়ার জেরে আগুন নেভানোর কাজে সমস্যায় পড়েন। মূলত কোহিনুর ভবনে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা সর্বাগ্রে করে।

এরই মধ্যে আশঙ্কা ছড়ায় চা দোকানে থাকা গ্যাস সিলিন্ডারকে ঘিরে। ওই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হলে আরও ভয়াবহ রূপ নিতে পারত আগুন। তাই দমকল কর্মীরা চা দোকান থেকে একের পর এক তিনটি গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে আসেন। তারপর জল দিয়ে ঠান্ডা করা হয় ওই গ্যাস সিলিন্ডারগুলি। সিলিন্ডারগুলি বের করে আনার পর আশ্বস্ত হন স্থানীয়রা। দমকল কর্মীদের তৎপরতায় বিস্ফোরণের ভয়াবহতা থেকে রক্ষা পায় কোহিনুর ভবন।
দমকল ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশ কোহিনুর ভবন থেকে সবাইকে বের করে আনেন। পার্কস্ট্রিটের গুরুত্বপূর্ণ ওই জায়গা। সেখানে আগুন লাগায় বিপত্তি ছড়ায়। দমকল খতিয়ে দেখবে কী কারণে এই আগুন লাগল। কোহিনুর বিল্ডিং লাগোয়া চা দোকানটি চলছে দীর্ঘদিন ধরে। এই দোকানে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দোকানটির লাইসেন্স ছিল কি না তাও খতিয়ে দেখা হবে। তবে দমকলের প্রথম লক্ষ্য আগে আগুনকে নিয়ন্ত্রণে আনা।












Click it and Unblock the Notifications