এবার আগুন অ্যাপোলো হাসপাতালে, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গেল রোগীদের
হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কোনও স্মোক ডিটেক্টর নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
ফের শিরোনামে অ্যাপোলো হাসপাতাল। এবার আগুন লেগে আতঙ্ক ছড়াল অ্যাপোলো হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতাল চত্বর। আমরির ছায়া নিমেষে ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। হুড়োহুড়ি ফেলে দেন রোগী এও রোগীর পরিবারের লোকজনেরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালের একতলায় নয় নম্বর অপারেশন থিয়েটারে আগুন দেখতে পান রোগীরা। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্মীদের তা জানানো হয়। তারপর দমকলে খবর দেওয়া হয়। একঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল, তা জানার চেষ্টা চালাচ্ছে দমকল কর্তৃপক্ষ।
দমকলের অভিযোগ, হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কোনও স্মোক ডিটেক্টর নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। আগুন নিভে যাওয়ার পরও আতঙ্কের রেশ রয়ে গিয়েছে। একতলার সমস্ত রোগীকেই অবশ্য নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রায় ৫০ জন রোগীকে স্থানান্তরিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications