তৃণমূল জমানায় ৪০ শতাংশ দারিদ্র কমেছে! দলে কাদের চান, ২১ জুলাইয়ের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
২০২৪-এর ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন অখিলেশ যাদবকে বন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের একতরফা আচরণের পরেও লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে মানুষ তৃণমূলের পাশে ছিল। এজেন্সির ধমকানির পরেও মানুষ তৃণমূলকে জিতিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিন দলের সঙ্গে লড়াই
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ছাড়াও কংগ্রেস ও সিপিএম-কেও নিশানা করেন, তিনি বলেন, রাজ্যে তিন দলের বিরুদ্ধে লড়াই করে জয় এসেছে। তিনি বলেন, তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল, যারা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছে। এঁরাই দলের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১০ লক্ষ চাকরি তৈরি আছে। কিন্তু তিনি কিছু করতে গেলেই আদালতে ছোটে বিরোধীরা। কখনও তারা ২৬ হাজার আবার কখনও ৪২ হাজারের চাকরি খায়। আবার কখনও বলে ওবিসি উঠিয়ে দাও। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাজ্য সরকার এইসব নিয়ে আইনি লড়াই করছে এবং তা করে যাবে।
রাজ্যে দারিদ্র কমানোর দাবি
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তৃণমূল দায়িত্বে আসার আগে অর্থাৎ পূর্বতন বাম সরকারের সময়ে দারিদ্রসীমার নিচে ছিলেন ৫৭.৬ শতাংশ মানুষ। কিন্তু তৃণমূলের জমানায় তা ৪০ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় থাকলে দারিদ্রসীমার নিচে আর কেউ থাকবে না বলেও দাবি করেন তিনি।
দলের কাদের চান
মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সতর্ক করে বলেন, জনপ্রতিনিধিরা যদি জয়ের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে দল তাঁদের সঙ্গেও সম্পর্ক রাখবে না। তৃণমূল সুপ্রিমো বলেন, দলে তিনি বিত্তবানদের চান না। বিবেকবানদের চান। তিনি বলেন, পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই। তৃণমূল সেবার জন্যই, দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্যায় করলে তিনি দলের কাউকে ছাড়েন না, গ্রেফতার করেন। তাই দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। পাশাপাশি মা-বোনেদের সম্মান দেওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, দল যেন কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।












Click it and Unblock the Notifications