মেয়েকে ধর্ষণের চেষ্টা বাবার, ব্লাউজ পেঁচিয়ে খুন করল মা
কলকাতা, ৬ জানুয়ারি: দিনের পর দিন দুই নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করছিল বাবা। শেষ পর্যন্ত ধর্ষণের চেষ্টা করায় আর তা সহ্য করতে না পেরে স্বামীকে গলায় ব্লাউজ পেঁচিয়ে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বজবজের বিষ্টুপুরে।
পুলিশ জানিয়েছে, রমেশ সর্দার (৪০) তার দুই মেয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে অশ্লীল আচরণ করছিল। মেয়েদের একা বাড়িতে রেখে কোথাও গেলে স্বামী পাছে আরও খারাপ কিছু করে, এই ভয়ে স্ত্রী লক্ষ্মী সর্দার ঘর থেকে বেরোতে চাইতেন না। কোনও আত্মীয়ের বাড়িতেও যেতেন না। প্রতিবাদ করলে স্বামী বেল্ট দিয়ে স্ত্রীকে পেটাত।

সোমবার রাতে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ফের দুই মেয়ের শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, এক মেয়েকে ধর্ষণ করতেও উদ্যত হয়। এই ঘটনা দেখে মা আর মাথা ঠিক রাখতে পারেননি। একটি ব্লাউজ দিয়ে পিছন থেকে এসে পেঁচিয়ে ধরেন স্বামীর গলা। চেঁচামেচিতে ছুটে আসেন ওই বধূর শাশুড়িও। ছেলের কুকীর্তির কথা তাঁরও জানা ছিল। তিনিও এসে গলা টিপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই মারা যায় ওই ব্যক্তি।
পরে লক্ষ্মীদেবী নিজেই পুলিশে খবর দেন। পুলিশ এসে দু'জনকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications