Belgharia Expressway: লরির তলায় স্কুটি, পিষে মৃত্যু বাবা-মা ও মেয়ের; ভয়ঙ্কর দুর্ঘটনা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে
Belgharia Expressway Accident: রবিবার সন্ধেয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। লরির চাকায় পিষে মৃত্যু বাবা মা ও মেয়ের। জানা গিয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিটি হোটেলের একদম সামনে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রক্ত।
অন্যতম ব্যস্ত রাস্তা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ডানকুনি থেকে মুম্বই ও দিল্লি রোডের যানবাহন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা এয়ারপোর্টে পৌঁছয়। এবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়েও। ব্যস্ত ওই রাস্তায় একাধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। যদিও দুর্ঘটনা এড়ানো যায়নি।

ঠিক কী হয়েছিল রবিবার? জানা গিয়েছে, এদিন সন্ধে সাতটা নাগাদ দক্ষিণেশ্বরের দিক থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে চেপে আসছিলেন ওই ব্যক্তি ও মহিলা। মেয়েকে পড়িয়ে সঙ্গে নিয়েই ফিরছিলেন বাবা মা। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে। স্কুটি নিয়ে উল্টে পড়ে যান তারা। এরপরেই লরির চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই পিষে তিন জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মৃতদেহগুলি বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, মৃত বাবা মা মধ্যবয়সী ও মেয়ের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। স্থানীয় এক ব্যক্তি জানান, মৃতরা বিশরপাড়ার বাসিন্দা।
প্রসঙ্গত, শুক্রবার রাতেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মৃত্যু হয় এক যুবকের। দুই লরির রেষারেষিতে বাইক নিয়ে মাঝখানে পড়ে যান তিনি। এয়ারপোর্ট থেকে বরানগরের কুঠিঘাটে ফিরছিলেন তিনি। ভ্যালেন্টাইন্স ডে-এর রাতে গোলাপ সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
গত জানুয়ারিতেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কায় দুমরে মুচড়ে যায় একটি অ্যাপ ক্যাব। ঘটনায় গুরুতর জখম হন ৩ জন। রবিবারের দুর্ঘটনায় স্থানীয়রা অভিযোগ করেন, এক্সপ্রেসওয়েতে সিগন্যাল থাকলেও তা সঠিকভাবে কাজ করে না। সবসময় নিভতে জ্বলতে থাকে। ট্র্যাফিক পুলিশও ঠিকমতো গাড়়ি নিয়ন্ত্রণ করে না বলে অভিযোগ। যার জেরেই এই দুর্ঘটনা বলে দাবি এলাকাবাসীর।












Click it and Unblock the Notifications