নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত চায় পরিবার, হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য
লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে খুন হয়েছিলেন রথিবালা আড়ি৷ ওই বৃদ্ধা বিজেপি কর্মী ছিলেন বলে খবর। সেই ঘটনায় রাজনৈতিক পারদ চড়েছিল৷ কলকাতা হাইকোর্টেও মামলা হয়৷ রাজ্য পুলিশে আস্থা নেই৷ সিবিআই তদন্ত দাবি করেছেন মৃতার পরিবারের সদস্যরা৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। আজ শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে ঘটনার রিপোর্ট পেশ করা হয়৷ খুনের ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতার কন্যা মঞ্জু আড়ি।

রথিবালা আড়ির খুনের মামলা আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছিল৷ এদিন শুনানি হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে খুনের ঘটনার রিপোর্ট পেশ করা হয়৷ মৃতের পরিবার পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে পারছে না৷ সিবিআই তদন্তের আবেদন করেছেন পরিবার পক্ষের আইনজীবী।
গত ২৩ মে খুন হয়েছিলেন বিজেপি কর্মী রথিবালা আড়ি৷ অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের উপর৷ নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় হামলা চালানো হয়৷ কুপিয়ে মারা হয় ওই মহিলাকে। ২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুনের ঘটনায় সরব হয়েছিলেন।
রাজ্য পুলিশ ওই খুনের তদন্ত শুরু করে। কিন্তু সিবিআই তদন্ত চেয়ে অনড় মৃতের পরিবার। এদিন হাইকোর্ট সেই দাবিকে মান্যতা দেয়নি। এখন রাজ্য পুলিশই তদন্ত চালিয়ে যাবে। এদিন এই কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতের নির্দেশ ছাড়া কোন রিপোর্ট পেশ করা যাবে না। পরবর্তী শুনানির দিন এই মামলার উভয় পক্ষের কথা শোনা হবে। আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।












Click it and Unblock the Notifications