ইউটিউবের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করতে চলেছেন পরিচালক শঙ্কুদেব
ইউটিউবের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করতে চলেছেন বহিঃষ্কৃত তৃণমূল নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা।
ইন্টারনেটের জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করতে চলেছেন বহিঃষ্কৃত তৃণমূল নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। তিনি একটি ছবি পরিচালনা করেছিলেন। নাম ছিল কমরেড। সেই ছবি ইউটিউবে পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে। যা নিয়ে আপত্তি জানিয়ে প্রথমে কর্তৃপক্ষকে মেল করেছিলেন শঙ্কুদেব। তার জবাবে সন্তুষ্ট না হয়েই এই সিদ্ধান্ত।

শঙ্কুদেব জানিয়েছেন, ইউটিউব যে মেল পাল্টা পাঠিয়েছিল তাতে তিনি সন্তুষ্ট নন। এখনও সিনেমাটি ইউটিউবে দেখা যাচ্ছে। তিনি কিছুদিন আগেই জানতে পারেন যে কমরেড ছবিটি কেউ ইউটিউবে আপলোড করে দিয়েছে। তা নিয়েই মেল করেছিলেন কর্তৃপক্ষকে।
পরিচালক শঙ্কুর দাবি, ইউটিউবে ছবিটি আপলোড হয়ে যাওয়ায় ছবির প্রযোজক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি বহুজাতিক সংস্থার সঙ্গে ছবির সত্ত্ব বিক্রি নিয়ে কথা চলছিল। তবে ছবি লিক হওয়ায় তাঁরা এখন পিছিয়ে এসেছেন।
ইউটিউবে যে ভিডিওটি দেখা যাচ্ছে তা কোনও সিনেমা হলের প্রিন্ট। তা নিয়ে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়েছে। এছাড়া সাইবার ক্রাইম শাখায়ও অভিযোগ জানানো হয়েছে। এবার ইউটিউবের বিরুদ্ধেও মামলা করার পথে পরিচালক শঙ্কুদেব।












Click it and Unblock the Notifications