তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিই সঠিক, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন সিপিএম-কংগ্রেসে নয়, দিলেন ব্যাখ্যা
সকালে রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকে ইস্তফাপত্র পাঠিয়ে সল্টলেকের বাড়িতে চলে আসেন সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর দুটো নাগাদ সেখানেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, গত পাঁচ-ছয় দিনে বিজেপির সঙ্গে যোগাযোগ হয়েছে। তাই তিনি কোনও বিচার প্রক্রিয়ায় অংশ নেননি।
সদ্য প্রাক্তন হওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি সাত মার্চ বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেছেন, বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। এছাড়া কোনও সর্বভারতীয় দল নেই। তিনি আরও জানিয়েছেন, বিজেপির কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন কোন আসন থেকে লড়াই, তা শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাল হলেও অভিষেক খারাপ। অভিষেকের নাম না করে ডায়মন্ডহারবারে হারানোর চ্যালেঞ্জও তিনি জানিয়েছেন।
তিনি বলেছেন, ২০০৯ সালে সিপিআইএমের যেরকম অবস্থা হয়েছিল, ২০২৪-এ এসে তৃণমূলের সেই অবস্থা হয়েছে। তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে বলেও মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসকদলের অনুপ্রেরণাতেই বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন তিনি।
বিচারপতি থাকার সময় তাঁকে আক্রমণ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের শিক্ষা-দীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ওই দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল। বড় দুষ্কৃতী মন্ত্রী আমলার ছদ্মবেশে ছিলেন, তাঁরা এখন জেলে। তবে জেলা ফাইভ স্টার বন্দোবস্তে আছেন কিনা তা তিনি জানেন না বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তাঁকে করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, কুমন্তব্য করার জন্য তিনি কুখ্যাত। তাঁর দেওয়া রায় নিয়ে মিথ্যা বলে বেকাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাঙ্গোপাঙ্গোরা, বলেছেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তাঁর দেওয়া রায়, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানে মান্যতা পেয়েছে। রায়ে কোনও বায়াসডনেস নেই বলেও দাবি করেছেন তিনি।
কেন সিপিআইএমে যোগ দিলেন না, এই প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ওই দলের লোকেরা ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু তিনি ধর্মে বিশ্বাস করেন। ওপর ওয়ালায় বিশ্বাস করেন। অন্যদিকে কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেছেন, ওই দলটি পরিবার ভিত্তিক। ওই দলে রাহুল গান্ধীর থেকে অনেক ভাল নেতা রয়েছেন। কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে তিনি অতুল্য ঘোষের বইয়ের কথাও উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications