কলকাতায় ধর্ষিতা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার ধর্ষণের ঘটনা খোদ কলকাতায়।
এর আগে, কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এবার ধর্ষিতা হলেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, ওই ছাত্রীর সহপাঠীই ধর্ষণ করেছে। আনন্দপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতায় পড়াশোনা করতে আসা ওই ছাত্রী তাঁর সহপাঠীর বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এক পুলিশ আধিকারিক জানান, পানীয়তে মাদক মিশিয়ে ওই ছাত্রীকে অজ্ঞান করা হয়। এরপর ওই সহপাঠীই ধর্ষণ করে। তবে নির্যাতিতা কোন রাজ্য থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছেন তা জানায়নি পুলিশ।
পুলিশের বক্তব্য, "ছাত্রী তাঁর অভিযোগে বলেছেন যে তিনি আনন্দপুরে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। সেখানে অভিযুক্ত এসে তাঁর পানীয়তে মাদক মিশিয়ে দেয়। তিনি সেটি পান করার পর অজ্ঞান হয়ে পড়েন এবং পরে তার সহপাঠী তাঁকে ধর্ষণ করে।"
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কয়েকদিন আত্মগোপন করেছিল। কিন্তু আনন্দপুরে নিজের বাড়িতে ফিরতেই গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্তকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে আরও তথ্য কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications