Cyclone Mocha: শক্তি পাকাচ্ছে মোখা! পুরসভায় জরুরি বৈঠক, সতর্ক করা হল একাধিক দফতরকে
Cyclone Mocha: ধেয়ে আসছে সাইক্লোন মোখা! আবহাওয়া দফতর মনে করছে এটি ৯ মে নাগাদ নিম্নচাপে পরিণত হবে। তারপরেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং তা উত্তরে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। তবে অভিমুখ স্পষ্ট নয়।
তবে সবরকম ভাবে সতর্ক থাকছে নবান্ন। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। নদীগুলির বাঁধ সহ একাধিক ক্ষেত্রে এখন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই বৈঠকে। জেলা প্রশাসনকে ঝড় নিয়ে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

নবান্নের পাশাপাশি পুরসভার তরফেও একটি বৈঠক করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবেই এই বৈঠক করা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এবং পুরসভার ডিজি (সিভিল) পি কে দুয়ার নেতৃত্বেই এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্যোগ মোকাবিলায় বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে শহরের খালগুলির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রবল ঝড়-বৃষ্টির কারণে জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই অবস্থায় খালগুলির সংস্কার কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে নিকাশি দফতরকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
পাশাপাশি বিদ্যুৎ এবং জঞ্জাল অপসারণ দফতরকে অ্যালার্টে রাখা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে গাছ পড়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যাতে দ্রুত সমস্ত কিছু সরানো হয় সেজন্যে এই পদক্ষেপ। আগামী ২৪ ঘন্টা পুরসভার কন্ট্রোল রুমে শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলায় সিইএসসি-র সঙ্গে সমন্বয় কলকাতা পুরসভা কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি সমস্ত পাম্পিং স্টেশনগুলি যাতে চলে তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও একটি বৈঠক করা হয়েছে। আগাম সতর্কতা হিসাবে লালবাজারের তরফে ওই বৈঠক করা হয়েছে। যদি ঝড় ধেয়ে আসে তাহলে কীভাবে বিপর্যয় মোকাবিলা সম্ভব?
আর তাই আগেভাগেই 'ইউনিফায়েড কমান্ড সেন্টার' খুলছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যেমন প্রতিনিধিরা থাকবেন তেমন ভাবেই এনডিআরএফ, দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি, কেএমডিএ'য়ের আধিকারিকরা সেখানে থাকবেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি সমস্ত জেলাতে এবার অনেক আগে থেকেই কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে নবান্নের তরফে। সেই মতো রাজ্যে প্রশাসনের মূল ভবনেও খোলা হবে কন্ট্রোল রুম। এমনটাই খবর।












Click it and Unblock the Notifications