ভোটার তালিকা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন
ভোটার তালিকা প্রস্তুত করা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর রাজ্যের পাঁচ কর্মীর বিরুদ্ধে ফের এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দুই জেলার জেলাশাসক এবং জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকদের (DEO) এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। একইসঙ্গে, এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন।
কমিশন এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা তৈরির দায়িত্বে থাকা দুই ইআরও (নির্বাচনী নিবন্ধন আধিকারিক) ও দুই এইআরও-কে (সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক) সাসপেন্ড করেছিল। তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে দুটি চিঠিও পাঠানো হয়েছিল।

কিন্তু এ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপড়েন শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পষ্ট জানিয়েছিলেন, ''আমি কারও কোনও পানিশমেন্ট (শাস্তি) হতে দেব না।’’ ফলে কমিশনের পূর্বের সেই নির্দেশ কার্যকর হয়নি এবং দিল্লি থেকে এবার সরাসরি জেলাশাসকদের নির্দেশ দেওয়া হলো।
যাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসও এই তালিকায় রয়েছেন। ডেটা এন্ট্রির কাজে যুক্ত সুরজিৎ হালদার নামে এক অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ওই চার আধিকারিক এবং ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মূল অভিযোগ হল ভোটার তালিকায় ভুল তথ্য লিপিবদ্ধ করা। এছাড়া, নির্বাচন নিবন্ধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যসম্ভার, যা ইআরও নেট নামে পরিচিত, তার গোপনীয়তা বজায় রাখতেও তাঁরা ব্যর্থ হয়েছেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।












Click it and Unblock the Notifications