এসএসসির চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে শিক্ষামন্ত্রী, মঙ্গলবার দিলেন সময়! লিখিত প্রতিশ্রুতির দাবি
অনশনের তৃতীয় দিনে মঞ্চে অনশনকারীদের সঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অনশনের তৃতীয় দিনে মঞ্চে অনশনকারীদের সঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ নিয়ে গত বৃহস্পতিবার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসেছেন কমবেশি ৪৫০ জন পরীক্ষার্থী। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন।

এদিন বিকেলে অনশনমঞ্চে যান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী অনশনকারীদের আশ্বস্ত করেন, এসএসসির সঙ্গে কথা বলিয়ে দিতে। তিনি আন্দোলনকারীদের ৫ থেকে ৬ জনকে মঙ্গলবার বিকাশভবনে ডাকেন। সময় দেওয়া হয়েছে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে। এদিন অনশনকারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএম বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেন তিনি। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে বলেন সুজন চক্রবর্তী।
শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের কথা বলেন চাকরিপ্রার্থীরা। সামনে যাঁরা ছিলেন, তাঁদের অসুবিধার কারণ জিজ্ঞাসাবা করেন শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা বলেন মেরিট লিস্টে থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেন, গোলযোগের কারণে যদি চাকরি আটকে থাকে, তাহলে তার ব্যবস্থা করা হবে। অকৃতকার্যদের পাশে সরকার থাকবে না বলেও জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী জানান, অনশনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য বলা হয়েছে।
যদিও নিজেদের অনশন তুলে নিতে নারাজ এসএসসি চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বিকাশভবনে আলোচনার পর তাঁরা তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছন। লিখিত প্রতিশ্রুতি পেলে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
২০১৬ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্নীতি হয়েছিল বলে এসএসসির পরীক্ষার্থী তথা আন্দোলনকারীদের অভিযোগ।












Click it and Unblock the Notifications