৯৯ টা জায়গা ভাল, শুধু একটা জায়গাই খারাপ! যাদবপুর নিয়ে আর যা বললেন শিক্ষামন্ত্রী
প্রতিবারই কোনও না কোনও ইস্যু নিয়ে কথা বলে তারা। পড়াশোনা ছাড়া সবটাই করে।ওই একটা জায়গাতেই সমস্যা তৈরি হচ্ছে।যাদবপুরে প্রবেশিকা জট প্রসঙ্গে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী
প্রতিবারই কোনও না কোনও ইস্যু নিয়ে কথা বলে তারা। পড়াশোনা ছাড়া সবটাই করে। ওই একটা জায়গাতেই সমস্যা তৈরি হচ্ছে। যাদবপুরে প্রবেশিকা জট প্রসঙ্গে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে কলা বিভাগের প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। সেই সময় বিরোধিতা শুরু করে কলাবিভাগের ছাত্রছাত্রীরা। সিদ্ধান্তের পিছনে শিক্ষামন্ত্রীর হাত রয়েছে বলেও অভিযোগ করে তাঁরা। কলা বিভাগের ছাত্র সংসদের তরফে জানানো হয়, ৩ জুলাই থেকে ৬ জুলাই প্রবেশিকা পরীক্ষার জন্য নোটিস দেওয়া হয়েছিল ৯ জুন। কিন্তু সোমবার সেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়াতেই প্রতিবাদ করে তারা।
সোমবার থেকেই যাদবপুরের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন কলা বিভাগের ছাত্রছাত্রীরা। ফলে পরপর দুই রাত সেখানেই আটকে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস। আটকে পড়েন রেজিস্ট্রার এবং কর্মসমিতির অন্য সদস্যরাও। বুধবার কর্মসমিতির বৈঠকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্য প্রবেশিকা জট কাটে।
বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, নিরানব্বইটা জায়গা ভাল। শুধু একটা জায়গাই খারাপ। দু-চারজন পরিবেশ দূষিত করছে। কিন্তু তাদের বোঝানোর মতো কেউ নেই।
এই বোঝানোর দায়িত্বটা কার কিংবা কে নেবেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী কি নিজের বক্তব্যের মাধ্যমে যাদবপুরের অধ্যাপকদেরই দায়ী করছেন, সেই প্রশ্ন তুলছেন সেখানকার অধ্যাপকরা।












Click it and Unblock the Notifications