রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি! কলকাতা-সল্টলেকের একের পর এক জায়গায় তল্লাশি
রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান। পঞ্চাশ থেকে ষাট জন অফিসার কলকাতা-সল্টলেকের অন্তত ছয়টি জায়গায় তল্লাশি শুরু করেছেন। গত কয়েকদিনে বেশ কিছু নতুন তথ্য হাতে আসে ইডির। তারপরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। কীভাবে টাকা পাচার করা হয়েছে, কোন কোন ফরেন এক্সচেঞ্জ সংস্থা যুক্ত রয়েছে তা নিয়ে খোঁজ খবর করছে ইডি।
ইডির অফিসাররা সল্টলেকের বাড়িতে ঢোকার সময় দরজায় নক করেন। এক মহিলা বেরিয়ে এলে, তাঁকে সার্চ ওয়ারেন্ট দেখানো হয়। তবে ওই মহিলা জানান, যাঁর খোঁজে এসেছে ইডি, তিনি বাড়িতে নেই। তারপর বাড়িতে ঢোকেন ইডির অফিসাররা। বাড়ির দুটি গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পোস্টিং করে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয়, কেউ যাতে বাড়ির বাইরে বেরোতে না পারেন।

এদিন তল্লাশির খবর পেয়েই বিধাননগর আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়ে সেখানে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সার্চ ওয়ারেন্ট দেখতে চান এক পুলিশ আধিকারিক। তিনি বলেন, ইডির অভিযান নিয়ে কিছুই জানানো হয়। তারপরে তিনি ভিতরে ঢুকে ইডির আধিকারিকের পরিচয় পত্র এবং সার্চ ওয়ারেন্ট দেখেন। ইডি সূত্রে খবর, এদিনের তল্লাশি অভিযান সম্পর্কে বিধাননগর ও কলকাতা পুলিশকে মেল করে জানায় ইডি।
এদিন ইডির আধিকারিকরা বিধাননগর ছাড়াও মেট্রোপলিটন, মধ্য কলকাতা, পোর্ট, বাগুইআটি এলাকায় তল্লাশি চালায়। উল্লেখ করা যেতে পারে, ইডির আধিকারিকরা এর মধ্যে জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যকেও জেরা করেন এবং তাদের হাতে পাওয়া তথ্য মিলিয়ে দেখার চেষ্টা করেন।












Click it and Unblock the Notifications