অভিষেকের রাজভবন অভিযানের দিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি! ভোর থেকে চলছে তল্লাশি
সাত সকালে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি। এদিন ভোর থেকে মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তল্লাশি বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, এদিন ভোররাত থেকে প্রস্তুতি শুরু হয়। তিনটে-সাড়ে তিনটে নাগাদ ইডির আধিকারিকদের উঠিয়ে আনা হয় সিজিও কমপ্লেক্সে। তারপর একে একে খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও আরও অন্তত ১২ থেকে ১৩ টি জায়গায় পাঠানো হয় ইডির দলকে। ইডির প্রতিটি দলের সঙ্গেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কাউকেই ভিতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সকালে বেশ কিছু লোকজন মন্ত্রীর বাড়ির সামনে এলেও তাঁরা কিছু বলতে নারাজ।
রথীন ঘোষ আগেই মধ্যমগ্রাম পুরসভা পুরসভার চেয়ারম্যান ছিলেন। তারপর তিনি ২০১১ সালে মধ্যমগ্রাম বিধানসভায় জয়ী হন। মূলত ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে মধ্যমগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে। পুরসভাগুলির প্রায় ১৫০০ পদে নিয়োগ ইডির স্ক্যানারে রয়েছে।
ইডি সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকা এবং বর্তমানে হেফাজতে থাকা অয়ন শীলের সংস্থায় ইডির তল্লাশির পরে রথীন ঘোষের নাম সামনে আসে। অয়ন শীলের অফিসে পাওয়া নথি থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে লেনদেনের তথ্য উঠে আসে। তারপরেই এই তল্লাশি অভিযান। তদন্তকারীরা ১২-১৪ টি দলে ভাগ হয়ে ভোর থেকে এই তল্লাশি অভিযান শুরু করেছেন।
এর আগে সিবিআই পুর নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন পুরসভায় গিয়ে তল্লাশি অভিযান চালায়। ১৪ টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারীদের দাবি, উত্তর ২৪ পরগনার ৬ টি পুরসভায় কয়েক হাজার চারকি বিক্রি করা হয়েছে। গাড়ির চালক থেকে টাইপিস্ট, লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে।












Click it and Unblock the Notifications