ED Raid: ফের শহরে ইডি তৎপরতা, পার্থর বাড়ির কাছে এক প্রমোটারের বাড়িতে হানা
নিয়োগ দুর্নীতি মামলায় ফের শহরে তেড়েফুঁড়ে ইডি। নাকতলা সহ শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে এক প্রমোটারের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। এছাড়াও বাঁশদ্রোণী, বালিগঞ্জ সহ শহরের মোট ৬ জায়গায় হানা দিয়েছে তদন্তকারীরা।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই এক প্রমোটারের বাড়িকতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। প্রমোটারের নাম রাজীব দে। শুধু নাততলাতেই মোট তিনটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। প্রমোটরের সংস্থার নাম শ্রীরাম কনস্ট্রাকশন।

এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী বাপ্পাদিত্যকে তলব করে জেরাও করেছে। ইডির ডাকে সাড়া দিয়ে তিনি হাজিরাও দিয়েছিলেন। ইডি তাঁকে আয়করের নথি সহ একাধিক কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছিল। ইডির দফতরে সব নথি নিয়ে হাজিরা দিয়ে তৃণমূল কাউন্সিলর দাবি করেছিলেন তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্পর্ক ছিল বলেই পুলিশ তাঁকে জেরা করেছিল।
নাকতলায় যে প্রমোটারের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে তিনিও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা দাবি করেছে গত ১০-১২ বছর ধরে তিনি প্রমোটিং করছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেই রয়েছে এই প্রমোটারের বাড়ি। তার কনস্ট্রাকশন অফিসেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা।
সূত্রের খবর এই প্রমোটার নাকি বিপুল পরিমান টাকা বাজারে খাটিয়েছেন। সেই টাকার উৎস কী সেটা জানতেই তদন্তকারীদের এই তল্লাশি অভিযান। এমনকী প্রমোটারের নামে একাধিক সম্পত্তিও রয়েছে। তাঁর এই বিপুল সম্পত্তির উৎস কি কোথা থেকে আসছে টাকা সেটাও জানতে চাইছেন তদন্তকারীরা। এর আগে ইডি নাকি ৩ থেকে ৪ বার সমন পাঠিয়েছিল তাঁকে। কিন্তু তিনি কোনও বারই হাজিরা দেননি।












Click it and Unblock the Notifications