ইডির জেরার মুখে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন
ইডির জেরার মুখে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন
নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল ইডি। এদিন তিনি বেলা এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সেখানে প্রায় ৪ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া নথির ওপরেই জিজ্ঞাসাবাদ হয় বলে জানা গিয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জিজ্ঞাসাবাদের কথা অস্বীকার করেছেন। বলেছেন নথির জন্য তাঁকে ডাকা হয়েছিল। এব্যাপারে ফের তাঁকে তলব করেছে ইডি।

পরেশের কাছ থেকে পার্থ-শান্তিপ্রসাদের তথ্য চাইছে ইডি
এসএসসির নিয়োগ দুর্নীতি এবং তার পিছনে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে ইডি। সূত্রের খবর অনুযায়ী ইডি জানতে চায় মেয়ের চাকরির জন্য পরেশ অধিকারী কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুরো প্রক্রিয়া আর কে ছিলেন? ওই নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার কী ভূমিকা ছিল তাও জানতে চায় ইডি।

তদন্তে আধিকারিকের মুখে পরেশের নাম
সূত্রের আরও খবর, নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির তদন্তে এক আধিকারিকের বয়ানে নাকি পরেশ অধিকারীর নাম উঠে এসেছে। শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময় তিনি কারো নাম সুপারিশ করেছিলেন কিনা, সেই সুপারিশে কোনও লেনদেন হয়েছিল কিনা সেইসব প্রশ্নও উঠে আসে বলে সূত্রের খবর।

পার্সোনালিটি টেস্ট ছাড়াই মন্ত্রী কন্যাকে নিয়োগ
এসএসসির প্যানেলে প্রথমে অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও পরে একেবারের প্রথমে নাম ছিল। নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে কোনও রকমের পার্সোনালিটি টেস্ট দিতে হয়নি অঙ্কিতাকে। তাহলে এই নিয়োগের পিছনে কোন প্রভাবশালী ছিলেন, তারও খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্যানেলে পিছনে চলে যাওয়া ববিতা সরকারের করা নিয়োগ দুর্নীতির মামলায় পুরো বিষয়টি সামনে আসে। চাকরি যায় অঙ্কিতার। এছাড়াও মাইনেও ফিরিয়ে তা ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আগেই সিবিআই-এর জিজ্ঞাসাবাদ
এব্যাপারে উল্লেখ করা যেতে পারে এসএসসির নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি যায়। সেই চাকরি পান শিলিগুড়ির ববিতা সরকার। ওই ঘটনা সামনে আসতেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পরেশ অধিকারীকে। হাইকোর্টের নির্দেশে সিবিআই এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করার পরেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন পরেশ অধিকারী। গত ১৯ ও ২০ মে তাঁকে জেরা করেছিল সিবিআই। এবার অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জেরার মুখে পড়লেন পরেশ।












Click it and Unblock the Notifications