তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে টলিউড অভিনেতার নাম! ইডির তলব, নজরে এক অভিনেত্রীও
কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁর বান্ধবী সোমা চক্রবর্তীকে তলব করেছিল ইডি। সোমা জানিয়েছিলেন, তাঁকে কুন্তল ব্যবসার কাজে ৫০ লক্ষ টাকা দিলেও তিনি এখনও তা ফেরত দিতে পারেননি। ইডির তদন্তে আরও এরকম অনেক বন্ধু-অভিনেতা-অভিনেত্রীর নাম পাচ্ছেন ইডির আধিকারিকরা। তাঁদের তলব করার কাজও শুরু হয়েছে।

ইডি তলব করেছে টলিউড অভিনেতাকে
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি যাচাই করে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। ইতিমধ্যে তাঁকে ইডি তলব করেছে। শুক্রবার ইডি তাঁকে হাজিরার নির্দেশ দিলেও, তিনি বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে রয়েছেন এক অভিনেত্রীও।

ইডি চায় আয়-ব্যয়ের নথি
ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তের লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সব কিছু পরীক্ষা করে দেখতে বনি সেনগুপ্তকে আয় ব্যয়ের নথি নিয়ে ইডির অফিসে দেখা করতে বলা হয়েছে। এর আগে অভিযোগ উঠেছিল নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে বলিউডের কোনও অভিনেতাকে তলব করার ঘটনা এই প্রথম।

বনি সেনগুপ্তের পরিচিতি
অভিনেতা হিসেবে পরিচিতি ছাড়াও বনি সেনগুপ্ত হলেও অভিনেতা সুখেন দাসের নাতি। তাঁর মা পিয়া সেনগুপ্ত ইম্পার পদাধিকারী। বাবা হলেন অনুপ সেনগুপ্ত। অভিনেতা বনি ইতিমধ্যে ছবির প্রযোজনাও করেছেন। ডাল-বাটি-চুরমা ছবিটি এবছরে মুক্তি পাওয়ার কথা। পরিবার সূত্রে জানা গিয়েছে , ২০১৭ সালে বনিকে দিয়ে একাধিক ছবি প্রযোজনার কথা বলেছিল কুন্তল ঘোষ। সেই সময় বলা হয়েছিল টাকা নয়স গাড়ি দেওয়া হবে। সেই মতো একটা গাড়িও দেয় সে। তবে কোনও ছবির প্রযোজনা করেনি আর। পরিবার সূত্রে দাবি করা হয়েছে, বনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত নয়।

তলব আরও এক তৃণমূল নেতাকে
নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির অপর এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে বলে জানা গিয়েছে। তাঁকে শুক্রবার ইডির অফিসে দেখা করতে বলা হয়েছে। তবে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে একাধিকবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডির অফিসে হাজিরা দিতে হয়েছে। এছাড়াও কুন্তল ঘোষের বেশ কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডির সূত্রে খবর। তাঁদেরকে এই সপ্তাহের মধ্যেই হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে কুন্তল ঘোষ গোপাল দলপতি কিংবা তাঁর অভিনেত্রী স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, কোনওভাবেই বনি সেনগুপ্তের কথা প্রকাশ্যে বলেনি। এখন দেখার টলিউডের আর কার নাম নিয়োগ দুর্নীতিতে সামনে আসে।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications