১৮ বছর পর রেলের সর্বভারতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পূর্ব রেল, এনসিএতে ডাক পেলেন রবি
Eastern Railway: রেলের সর্বভারতীয় ক্রিকেট প্রতিযোগিতার ৬৭তম সংস্করণে চ্যাম্পিয়নের শিরোপা আদায় করে নিল পূর্ব রেলওয়ে। ফাইনালে হারাল দক্ষিণ পশ্চিম রেলওয়েকে।
১৮ বছর পর পূর্ব রেলের এই খেতাব জয়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। আজ সরকারিভাবে পূর্ব রেলের তরফে এ কথা জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

এপ্রিলের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার লিগ পর্যায়ের খেলাগুলি হয়েছিল খড়গপুরে। নক আউট পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হয় পাতিয়ালায়। ১৫ এপ্রিল থেকে ২০ তারিখ পর্যন্ত চলে সেই খেলাগুলি। ফাইনালে দক্ষিণ-পশ্চিম রেলকে হারিয়ে খেতাব জয় পূর্ব রেলের।
ফাইনালে প্রথমে ব্যাট করে ৪০ ওভারে পূর্ব রেল ২৪৭ রান তুলেছিল। জবাবে ৩০.৩ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ পশ্চিম রেল। এই টুর্নামেন্টে ৩৯৬ রান করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন পূর্ব রেলের রবি সিং, তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী। ইমার্জিং অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতার হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ডাকও পেয়েছেন তিনি।
ফাইনালে চার উইকেট নেওয়া রাজু হালদার ম্যাচের সেরা। ফাইনালে সেরা ব্যাটারের পুরস্কারটি পেয়েছেন দীপাংশু, তিনি ৭৬ রান করেছিলেন। এই টুর্নামেন্টে পূর্ব রেলের অসাধারণ পারফরম্যান্সের জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তথা ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের চিফ পেট্রন মিলিন্দ কে দেওস্কর, অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র মজুমদার।












Click it and Unblock the Notifications