বৃষ্টি উপেক্ষা করে উপচে পড়া ভিড়, যানজট সামলাতে হিমশিম পুলিশ
কলকাতা, ৭ অক্টোবর : বৃষ্টির বাধা উপেক্ষা করেই মহাষষ্ঠীর বিকেল থেকেই শহরের রাস্তার দখল নিল দর্শনার্থীরা। থিকথিকে ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। যানজটে হিমশিম পুলিশও। পুলিশ কমিশনারের আশ্বাসই সার। পঞ্চমীর পর ষষ্ঠীতেও শহরে থাবা বসাল তীব্র যানজট। দেশপ্রিয় পার্কের হাজার হাতের দেবী দর্শনের হিড়িক তো আছেই। সেই হিড়িকেই পুলিশ নাকাল। দমবন্ধ অবস্থা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের।
তবে পুলিশ চেষ্টার কসুর করছে না। মহাষষ্ঠীর ভিড় সামলাতে যান নিয়ন্ত্রণ করেছে বিকেল থেকেই। প্রবল যানজটে দুপুরের পরই হাঁসফাঁস দশা রাসবিহারী অ্যাভিনিউয়ের। তাই রাসবিহারীতে যান নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। কালীঘাট, হাজরাজুড়ে রাস্তায় গাড়ির লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস ও মিনিবাস। তবু যানজটের সমস্যা থেকে মুক্ত করা যাচ্ছে না কলকাতার রাস্তাকে।

উত্তরে শোভাবাজার ও গিরিশপার্কেও যান নিয়ন্ত্রণ করা হয়েছে। পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলানো চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে পুলিশ। আগে থেকেই পূর্ব পরিকল্পনামতো এগনোর চেষ্টা করেছে তারা। কিন্তু শহরের পাশাপাশি জেলা থেকেও এত মানুষের আগমন ঘটছে যে, সঙ্কট কাটাতে পারছে না পুলিশ।
এমনিতে অটো-লরির নিয়ন্ত্রণ তো আগে থেকেই সারা ছিল। কিন্তু মানুষ যদি পথে নেমে পড়ে, যানবাহন তো অবরুদ্ধ হয়ে যাবেই। তবু পরিস্থিতি মোকাবিলায় কোনও খামতি রাখছে না পুলিশ। নামানো হয়েছে উর্দিধারী ও সিভিক মিলিয়ে চার হাজার বাহিনী।












Click it and Unblock the Notifications