চেতলা অগ্রণীর পুজোর মণ্ডপে আগুন, আপাতত বন্ধ দর্শনার্থীদের প্রবেশ
দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির অন্যতম চেতলা অগ্রণী ক্লাবের পুজো। যা ফিরহাদ হাকিমের পুজো বলেই বহুল প্রচারিত। সেখানেই বিপত্তি।
আগুন লাগার ফলে আজকের জন্য মণ্ডপ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। মনে করা হচ্ছে, কাল থেকেই খুলে দেওয়া হতে পারে।

সমরেশ বসুকে শ্রদ্ধা জানিয়ে এখানকার পুজোর থিম অমৃত কুম্ভের সন্ধানে। ১ কোটির বেশি রুদ্রাক্ষ দিয়ে হয়েছে মণ্ডপসজ্জা। মহালয়ায় এই পুজোমণ্ডপে গিয়ে মাতৃপ্রতিমার চক্ষুদান করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনিই এই পুজোর উদ্বোধনও করেন। স্বাভাবিকভাবেই জনতার ঢল নেমেছিল এই পুজোমণ্ডপে।
আজও সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছিলেন। জানা যাচ্ছে, দুপুরের দিকে আগুন লাগে মণ্ডপে। তখন থেকেই মণ্ডপ বন্ধ করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। যদিও তার আগেই মণ্ডপে রাখা অগ্নি প্রতিরোধক ব্যবস্থাপনার সাহায্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুন খুব একটা বড় আকার ধারণ করেনি, এটাই রক্ষে।
দর্শকদের নিরাপত্তার কারণেই আজ মণ্ডপে সাধারণের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এক অভূতপূর্ব ঘটনার দুর্ঘটনার কারণে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল আজ বন্ধ থাকবে। ভক্ত ও দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications