পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি, সামাজিক অবক্ষয় রোধের বার্তা উঠে এল এবছরের ত্রিধারা সম্মিলনী'র থিমে
আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আজ আমাদের দৃষ্টিভঙ্গিতেই সবই ঘটে চলেছে।
আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আজ আমাদের দৃষ্টিভঙ্গিতেই সবই ঘটে চলেছে। এই দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা চিনে নিই আসল - নকল, যাচাই করি ঠিক - ভুল, সত্যি - মিথ্যের। তাই এবার মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে সামাজিক অবক্ষয় রোধের বার্তা নিয়ে ৭৩ তম বর্ষে 'ত্রিধারা সম্মিলনী'র থিম 'দৃষ্টিকোণ'।

প্রত্যেক বছরই কোনও না কোনও সামাজিকতার বার্তা দিয়ে থাকে দক্ষিণ কলকাতার অন্যতম সেরা এই পুজো কমিটি। এবারেও তার ব্যতিক্রম নয়। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা।
গোটা বিষয়টির রূপায়নে ও সৃজনে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। ত্রিধারার থিম ও গোটা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যতা রেখে প্রতিমা তৈরি করছেন শিল্পী নিজেই। শিল্পী জানান, দৈনন্দিন জীবনের আনুষঙ্গিক প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে এবছরের থিম তৈরি হচ্ছে। বিষয়কে তুলে ধরতে ব্যবহার করছে মূলত লোহা। কারণ হিসেবে বলা যায়, কোন কিছু মনের মধ্যে খুব সুক্ষ ভাবে জমা হতে থাকে, আর সেই জমা হতে হতে মন যেন সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে ওঠে। আর এই সংকীর্ণতাকে লোহার বিভিন্ন গঠনের মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। থাকছে পরিবেশ সচেতনতাও।

পুজো উদ্যোক্তা গার্গী মুখোপাধ্যায় জানান, 'আমাদের পৃথিবীটা গোল, কিন্তু আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে চ্যাপটা। আবার সোজা কোনও কিছু একটু ঘুরিয়ে দেখলে সেটাকে ব্যাঁকা লাগে। এরকম অনেক কিছু আছে, যেটা আসলে যা সেটা বোঝা যায় না। আলো আঁধারিতে হোক বা দেখার ভঙ্গিতে এক্কেবারে অন্যরকম কিছু বোঝায়। শুধু চোখের দেখায় নয় আমাদের নিজেদের জীবনেও কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যা সত্যিও বটে আবার মিথ্যেও বটে। তাই আমরা আমাদের ভালো মন্দ নিয়ে পারিপার্শিক অবস্খার উপর নির্ভরশীল নয়। তা নিয়েই আমাদের এবারের পুজোর থিম।'

তিনি আরো বলেন, 'আমরা চামড়ার রঙ, পোষাক, ভাষা, ধর্মীয় বিশ্বাস নিয়ে বেশি চিন্তিত। মানবিকতা নিয়ে নয়। আমাদের সমাজে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রীষ্টান হয়ে থাকে কিন্তু আসলে তো আমরা সকলেই মানুষ। এই দেখার চোখটাকেই তো বলে দৃষ্টিকোন। সেই দৃষ্টিকোণ এর উপরেই সবকিছু নির্ভর করে। যে কারণেই এত হিংসা হিংসি এত অশান্তি দাঙ্গা-হাঙ্গামা লেগে রয়েছে। তাই আমাদের বদলাতে হবে দৃষ্টিকোণ। গড়তে হবে হিংসা ছাড়া সম্প্রীতির ও মানবিকতার এক নতুন সমাজ।

এই দৃষ্টিকোণের থিম সং এর কথা দিয়েছেন গার্গী মুখোপাধ্যায়। যার সুর দিয়েছেন অনুপম রায়।
গত বছর ৭২ তম বর্ষে তাদের থিম ছিল, আধুনিকতার বেড়াজালে হারিয়ে যাওয়া পরিবেশের বহু মূল্যবান জিনিস নিয়ে 'সাজাবো যতনে, প্রকৃতি রতনে'। হারিয়ে গিয়েছে মৃৎশিল্প, পাট শিল্পের মতো বহু ঐতিহ্যবাহী শিল্প। হারিয়ে যাওয়া প্রকৃতি বান্ধব বিভিন্ন বিষয়কে মাথায় রেখে দক্ষিণ কলকাতার অন্যতম জনবহুল পুজো ত্রিধারা সম্মেলনী ছিনিয়ে নিয়েছিল বহু গুরুত্বপূর্ণ পুরস্কার।












Click it and Unblock the Notifications